​নান্দাইলে ৩১ পূজামণ্ডপে সিসিটিভি-অগ্নিনির্বাপকে সহায়তার আশ্বাস প্রতিমন্ত্রীর

আপলোড সময় : ১০-১০-২০২৬ , আপডেট সময় : ১০-১০-২০২৬

মাসুদ রানা, ময়মনসিংহ ব্যুরো : শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে ময়মনসিংহের নান্দাইলে ৩১টি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা ও অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবস্থা করতে সহায়তার আশ্বাস দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

সরকারি উদ্যোগে সিসিটিভি স্থাপন সম্ভব না হলে ব্যক্তিগত অর্থায়নে সহায়তা দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। পাশাপাশি প্রতিটি পূজামণ্ডপে দুই বান্ডিল করে মোট ৬২ বান্ডিল টিন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকালে ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দুর্গাপূজা সুন্দর, সুষ্ঠু ও নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরও সর্বাত্মক সহযোগিতা করতে হবে।পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি স্থাপন, স্বেচ্ছাসেবক ও পাহারাদার নিয়োগ এবং সার্বক্ষণিক যোগাযোগব্যবস্থা চালু রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

নিরাপত্তাব্যবস্থা জোরদারের নির্দেশনা দিয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, প্রতিটি পূজামণ্ডপে দায়িত্ব পালনকারী পাহারাদার ও স্বেচ্ছাসেবকদের নামের তালিকা, ছবি, পরিচয়পত্র ও মুঠোফোন নম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় কন্ট্রোল রুমের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হবে।

তিনি আরও বলেন, পূজামণ্ডপে ধর্মীয় ও ভক্তিমূলক অনুষ্ঠান নির্বিঘ্নে আয়োজন করা যাবে। তবে প্রতিমা বিসর্জনসহ সব কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। পূজামণ্ডপে যাতায়াতের প্রয়োজনীয় সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। উন্নয়নকাজ দ্রুত বাস্তবায়নে তিনি নিজেও নিয়মিত তদারকি করছেন।

দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সমন্বিত সহযোগিতা কামনা করেন প্রতিমন্ত্রী।

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাতের সভাপতিত্বে সভায় সার্কেল এএসপি দেবাশীষ কর্মকার, নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজহারুল ইসলাম, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দিরের সভাপতি-সাধারণ সম্পাদকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :