সিইসি জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে কেরালা বিধানসভায় প্রস্তাব পাস

আপলোড সময় : ১৩-১০-২০২৬ , আপডেট সময় : ১৩-১০-২০২৬ ১১:২১:১৩ পূর্বাহ্ন

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে প্রস্তাব পাস করেছে কেরালা বিধানসভা। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় যোগ্য ভোটারদের বাদ পড়া এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্নের মধ্যে সোমবার এ প্রস্তাব পাস হয়। দেশটিতে কোনো প্রধান নির্বাচন কমিশনারকে অপসারণের দাবিতে বিধানসভায় এ ধরনের প্রস্তাব পাসের ঘটনা এটিই প্রথম বলে ধারণা করা হচ্ছে।

বিধানসভায় প্রস্তাবটি উত্থাপন করেন মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন।

এতে ভোটার তালিকা সংশোধন নিয়ে ওঠা অনিয়মের অভিযোগ দ্রুত নিষ্পত্তি এবং বাদ পড়া যোগ্য ভোটারদের অবিলম্বে ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়।

এ ছাড়া নির্বাচন কমিশনার নিয়োগের জন্য গঠিত বাছাই কমিটির কাঠামো পরিবর্তনের প্রস্তাবও দিয়েছে কেরালা বিধানসভা। সাংবিধানিক প্রতিষ্ঠানটির স্বাধীনতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে কমিটিতে প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলীয় নেতা এবং প্রধান বিচারপতিকে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে।

প্রস্তাব পাসের পর মুখ্যমন্ত্রী সতীশন বলেন, ভোটাধিকার গণতন্ত্রের অন্যতম মৌলিক ভিত্তি। কোনো প্রতিষ্ঠানেরই নাগরিকদের সাংবিধানিক অধিকার খর্ব করার সুযোগ নেই।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সতীশন বলেন, ‘আমাদের অবস্থান একেবারে স্পষ্ট। ভোটাধিকার অবশ্যই রক্ষা করতে হবে। সংবিধান সমুন্নত রাখতে হবে। গণতন্ত্রকে জয়ী হতে হবে। কেরালা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে।’

এদিকে, সিইসি জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে কংগ্রেসসহ বিরোধী দল ও বিভিন্ন সংগঠনের বিক্ষোভ কর্মসূচি চলছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে উদ্বেগ থেকেই এ আন্দোলন জোরালো হয়েছে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :