অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক

আপলোড সময় : ১৩-১০-২০২৬ , আপডেট সময় : ১৩-১০-২০২৬ ১১:২১:১৪ পূর্বাহ্ন

অর্থনীতিকে স্থিতিশীল রাখতে কার্যকর নীতি প্রণয়নের তাত্ত্বিক ভিত্তি প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের দুই অধ্যাপক রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড। সামষ্টিক অর্থনীতির বিভিন্ন নীতিকে ক্ষুদ্র অর্থনৈতিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে তাঁদের গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

সোমবার (১২ অক্টোবর) সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস যৌথভাবে এই দুই অর্থনীতিবিদের নাম ঘোষণা করে। আলফ্রেড নোবেলের স্মরণে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক সভারিয়েস রিক্সব্যাংক অর্থনীতিবিজ্ঞানে এ পুরস্কার দিয়ে থাকে।

রবার্ট ই. হল ১৯৪৩ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের পালো আল্টো শহরে জন্মগ্রহণ করেন। তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির ইমেরিটাস অধ্যাপক। পাশাপাশি বিশ্ববিদ্যালয়টির হুভার ইনস্টিটিউশনের জ্যেষ্ঠ গবেষক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে, মাইকেল উডফোর্ডের জন্ম ১৯৫৫ সালে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের চিকোপি শহরে। তিনি নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক অর্থনীতির অধ্যাপক।

পুরস্কার ঘোষণায় বলা হয়, অর্থনীতিকে স্থিতিশীল রাখার নীতিগুলো আরও কার্যকর করতে অর্থনৈতিক মডেল কীভাবে নতুনভাবে সাজানো যায়, তা দেখিয়েছেন হল ও উডফোর্ড। তাঁদের গবেষণায় মূল্যস্ফীতি, উৎপাদন ও ভোগের মতো সামষ্টিক অর্থনৈতিক চলকগুলোর মধ্যকার পরিসংখ্যানভিত্তিক সম্পর্কের পরিবর্তে ক্ষুদ্র অর্থনৈতিক ভিত্তিকে গুরুত্ব দেওয়া হয়েছে।

এ ক্ষেত্রে ব্যক্তি ও পরিবার এবং ব্যবসাপ্রতিষ্ঠানের সম্মিলিত সিদ্ধান্ত ও কর্মকাণ্ড কীভাবে সামগ্রিক অর্থনীতিকে প্রভাবিত করে, তা বোঝার ওপর জোর দিয়েছেন তাঁরা। তাঁদের এই গবেষণা সামষ্টিক অর্থনীতির বিশ্লেষণ এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার নীতি প্রণয়নে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করেছে।

এ বছর নোবেল পুরস্কার ঘোষণার শেষ বিভাগ ছিল অর্থনীতি। এর আগে চিকিৎসাবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য ও শান্তিতে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হয়।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :