দিল্লিতে আটক নারী বিক্ষোভকারীদের ওপর নির্যাতনের অভিযোগ

আপলোড সময় : ১৪-১০-২০২৬ , আপডেট সময় : ১৪-১০-২০২৬ ১২:০০:০৩ অপরাহ্ন

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে দিল্লিতে চলমান বিক্ষোভ থেকে আটক নারী আন্দোলনকারীদের ওপর পুলিশি নির্যাতনের অভিযোগ উঠেছে। বিক্ষোভকারীদের দাবি, পুলিশি হেফাজতে নেওয়ার পর নারী পুলিশ সদস্যরা তাঁদের মারধর করেন। কয়েকজনের গলা চেপে ধরা ও শরীরের সংবেদনশীল স্থানে আঘাত করার অভিযোগও করেছেন তাঁরা। এ সময় কয়েকজনের মুঠোফোন কেড়ে নেওয়া হয় বলেও দাবি করা হয়েছে।

সংবাদমাধ্যম স্ক্রল ডট ইনকে দেওয়া সাক্ষাৎকারে এসব অভিযোগ করেন নওরিন নামের এক নারী বিক্ষোভকারী। তিনি ওয়ার্কার্স পার্টি অব ইন্ডিয়ার সদস্য।

নওরিনের ভাষ্য অনুযায়ী, রোববার মধ্য দিল্লিতে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার সময় পুলিশ ১৬ জনকে আটক করে একটি ভ্যানে তোলে। আটক ব্যক্তিদের মধ্যে ১৫ জন নারী ছিলেন বলে দাবি করেন তিনি।

নওরিন অভিযোগ করেন, ভ্যানে তোলার পর নারী পুলিশ সদস্যরা তাঁদের মারধর শুরু করেন। দিশা স্টুডেন্টস অর্গানাইজেশনের সদস্য শারন্যাকে ভ্যানের ভেতরে ফেলে এক পুলিশ সদস্য তাঁর গলা চেপে ধরেন। আরেকজন কনুই দিয়ে তাঁকে আঘাত করেন বলেও অভিযোগ করেন নওরিন। পরে এক পুলিশ সদস্য শারন্যাকে চিকিৎসার জন্য নিয়ে যান বলে জানান তিনি।

নওরিনের আরও অভিযোগ, ভ্যানে থাকা অন্য নারী বিক্ষোভকারীদের বুক ও শরীরের সংবেদনশীল স্থানে আঘাত করা হয়। তাঁদের কয়েকজনের মুঠোফোনও কেড়ে নেওয়া হয়।

তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়েছে, এমন তথ্যও প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে শনিবার ও রোববার দিল্লিতে বিক্ষোভ করেন ককরোচ জনতা পার্টিসহ বিভিন্ন ছাত্র ও প্রতিবাদী সংগঠনের সদস্যরা। তাঁদের যন্তর মন্তরে যাওয়ার কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়। বিক্ষোভকারীরা ওই এলাকার দিকে এগোনোর চেষ্টা করলে পুলিশ বাধা দেয় এবং অনেককে আটক করে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :