নিয়ম ভেঙে শাস্তির কবলে ওয়েস্ট ইন্ডিজের দুই তারকা

আপলোড সময় : ১৪-১০-২০২৬ , আপডেট সময় : ১৪-১০-২০২৬ ১২:০০:০৯ অপরাহ্ন

ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচ সিরিজের ২য় টি-টোয়েন্টিতে আচরণবিধি লঙ্ঘনের দায়ে শাস্তি পেলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রোভম্যান পাওয়েল এবং ব্যাটার শেরফান রাদারফোর্ড। সেই সঙ্গে করা হয়েছে সতর্ক এবং নামের পাশে যোগ হয়েছে ডিমেরিট পয়েন্ট।

৯ অক্টোবর রাঁচিতে ভারতের বিরুদ্ধে ম্যাচে আলাদা দুইটি ঘটনায় এই শাস্তির মুখে পড়েছেন তাঁরা।

আইসিসির ১২ অক্টোবরের বিজ্ঞপ্তি অনুযায়ী, পাওয়েল আচরণবিধির ২.২ ধারা ভেঙেছেন। এই ধারায় আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন ক্রিকেটের সরঞ্জাম, পোশাক, মাঠের সরঞ্জাম বা অন্য কোনও সামগ্রীর অপব্যবহারের বিষয়টি রয়েছে। অন্য দিকে, আম্পায়ারের সিদ্ধান্তের বিরোধিতা করায় রাদারফোর্ডের বিরুদ্ধে ২.৮ ধারায় ব্যবস্থা নেওয়া হয়েছে।

ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ষষ্ঠ ওভারে মায়াঙ্ক যাদবের বলে আউট হওয়ার পর ব্যাট দিয়ে বলটি দূরে সরিয়ে দেন পাওয়েল। এই আচরণের জন্যই শাস্তি পেয়েছেন ক্যারিবিয়ান অধিনায়ক।

অন্য দিকে, ১৩তম ওভারে আম্পায়ারের একটি সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন রাদারফোর্ড। তাঁর মতে, বলটি ওয়াইড ছিল।

কিন্তু আম্পায়ার সেটিকে বৈধ বল হিসেবে ঘোষণা করেন। এর পরই আম্পায়ারের দিকে আগ্রাসী ভঙ্গিতে প্রতিক্রিয়া দেখান রাদারফোর্ড।

ম্যাচ রেফারি প্রকাশ ভট্টেরদেওয়া অভিযোগ ও শাস্তির প্রস্তাব মেনে নিয়েছেন পাওয়েল এবং রাদারফোর্ড। ফলে এই ঘটনায় আলাদা করে শুনানির প্রয়োজন হয়নি। দু’জনকেই সতর্ক করার পাশাপাশি একটি করে ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।

গত ২৪ মাসের মধ্যে এই প্রথম তারা এমন অপরাধ করলেন।

মাঠের দুই আম্পায়ার জয়রামন মদনগোপাল ও রোহন পণ্ডিত , তৃতীয় আম্পায়ার নীতিন মেনন এবং চতুর্থ আম্পায়ার বীরেন্দ্র শর্মা এই অভিযোগগুলি এনেছিলেন।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :