এমবাপ্পের আত্মবিশ্বাসকে বাড়াবাড়ি মনে করছেন পাপাঁ

আপলোড সময় : ১৪-১০-২০২৬ , আপডেট সময় : ১৪-১০-২০২৬ ১২:০০:১০ অপরাহ্ন

ব্যালন ডি’অর নিয়ে মন্তব্যের জেরে কিলিয়ান এমবাপ্পের সমালোচনা করেছেন সাবেক ব্যালন ডি’অরজয়ী জাঁ-পিয়ের পাপাঁ। ফ্রান্সের এই সাবেক তারকার মতে, এমবাপ্পে নিজের অর্জন ও যোগ্যতা নিয়ে প্রকাশ্যে অতিরিক্ত কথা বলেছেন। প্রতিভা ও রেকর্ডের স্বীকৃতি দিলেও রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ডের এমন বক্তব্য পছন্দ হয়নি তাঁর।

১৯৯১ সালে ব্যালন ডি’অর জিতেছিলেন পাপাঁ। ফরাসি ওয়েবসাইট ফুট মার্কাতোকে দেওয়া সাক্ষাৎকারে এমবাপ্পেকে নিয়ে নিজের অসন্তোষের কথা জানান তিনি। পাপাঁ বলেন, ‘আমি সত্যিই কিলিয়ানকে সম্মান করি। তার নামে অনেক রেকর্ড আছে। কিন্তু একটা পর্যায়ে সবকিছু শুধু আমি, আমি আর আমাতে এসে ঠেকে। ব্যালন ডি’অর কে পাবেন, তা ঠিক করে অন্যরা।’

এমবাপ্পের একটি মন্তব্য বিশেষভাবে ভালো লাগেনি পাপাঁর। তাঁর দাবি, ফরাসি অধিনায়ক একপর্যায়ে বলেছিলেন, তাঁকে ছাড়া আর কেউ ব্যালন ডি’অরের যোগ্য নন। এমন বক্তব্যকে বাড়াবাড়ি বলে মনে করেন সাবেক এই ফুটবলার।

এ বিষয়ে পাপাঁ বলেন, ‘এক পর্যায়ে তিনি বলেছিলেন—তিনি ছাড়া আর কেউ ব্যালন ডি’অরের যোগ্য নয়। এটা আমার কাছে বেশি হয়ে গেছে, অনেক বেশি।’

পাপাঁর মতে, ব্যালন ডি’অরের বিজয়ী নির্ধারণে ভোটারদের মূল্যায়নই প্রাধান্য পাওয়া উচিত। কোনো খেলোয়াড় নিজেকে কতটা যোগ্য মনে করছেন, তার ভিত্তিতে পুরস্কার নির্ধারিত হতে পারে না। ব্যক্তিগত অর্জনের পাশাপাশি ভোটারদের বিবেচনা ও মূল্যায়নই এখানে গুরুত্বপূর্ণ। এমবাপ্পের যোগ্যতা নিয়ে প্রশ্ন না তুললেও এবারের ব্যালন ডি’অরের জন্য পাপাঁর পছন্দ ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :