মাসুদ রানা, ময়মনসিংহ ব্যুরো: দেশের অর্থনৈতিক উন্নয়ন, শিল্পের বিকাশ ও ভোক্তা অধিকার সুরক্ষায় মানসম্মত পণ্যের বিকল্প নেই। এ জন্য উৎপাদক, ব্যবসায়ী ও ভোক্তা-সব পক্ষকেই সচেতন হতে হবে। একই সঙ্গে মানহীন পণ্য বর্জন এবং নির্ধারিত মানদণ্ড অনুসরণের মাধ্যমে গুণগত মানসম্পন্ন পণ্য উৎপাদনে এগিয়ে আসতে হবে।
ময়মনসিংহে বিশ্ব মান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ভাষাশহীদ আব্দুল জব্বার মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল-‘অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব-সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি’। ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা এবং দি ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোঃ মনসুর আলম (চন্দন)। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি ও গ্রামীণ শিল্প বিভাগের অধ্যাপক ড. মোঃ আনিছুর রহমান মজুমদার। প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, শিল্পপ্রতিষ্ঠান, উৎপাদক ও আমদানিকারকদের বিএসটিআই নির্ধারিত মানদণ্ড অনুসরণ করে গুণগত মানসম্পন্ন, টেকসই ও পরিবেশবান্ধব পণ্য উৎপাদন করতে হবে।
দেশের সার্বিক উন্নয়নে পণ্যের মান নিশ্চিত করার পাশাপাশি ব্যবসায়ী ও ভোক্তা উভয়ের মানসিকতার পরিবর্তন জরুরি। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান বলেন, মানহীন পণ্য বর্জনে ভোক্তা ও ব্যবসায়ীদের সচেতন হতে হবে। ভোক্তারা মানহীন পণ্য কেনা থেকে বিরত থাকলে উৎপাদকেরা মানসম্মত পণ্য তৈরিতে উৎসাহিত হবেন। নিরাপদ খাদ্য ও বিশুদ্ধতা নিশ্চিত করা শুধু সরকারের একার পক্ষে সম্ভব নয়; এ জন্য সরকার, উৎপাদক, ব্যবসায়ী ও ভোক্তাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিএসটিআইয়ের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ও অফিসপ্রধান সঞ্জয় কুমার সরকার। আলোচনা সভায় বক্তারা সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার, উৎপাদনব্যবস্থায় মানদণ্ড অনুসরণ এবং টেকসই উন্নয়নে গুণগত মানের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, পণ্যের মান নিশ্চিত করার পাশাপাশি পরিবেশ সুরক্ষা ও জ্বালানির দক্ষ ব্যবহার দেশের শিল্প ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, ব্যবসায়ী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।