জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮৭ শতাংশ শিক্ষার্থী কর্মরত: উপাচার্য

আপলোড সময় : ১৫-১০-২০২৬ , আপডেট সময় : ১৫-১০-২০২৬ ০৫:০৩:১৬ অপরাহ্ন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বড় একটি অংশ কর্মজীবনে যুক্ত। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর দাবি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮৭ শতাংশ শিক্ষার্থী আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক খাতে কাজ করছেন। তাঁর মতে, জাতীয় বিশ্ববিদ্যালয়কে বেকার তৈরির কারখানা বলা হলেও বাস্তবে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশে-বিদেশে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছেন। দেশের রেমিট্যান্স বাড়াতেও তাঁদের ভূমিকা রয়েছে।

বুধবার রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজের অডিটোরিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় ও গ্রামীণফোনের যৌথ উদ্যোগে আয়োজিত ‘কানেক্টিং এভরি ক্যাম্পাস’ সিম বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য। অনুষ্ঠানে ঢাকা বিভাগের স্নাতক, স্নাতকোত্তর ও প্রফেশনাল পর্যায়ের ৩৭০টি কলেজের অধ্যক্ষদের মধ্যে সিম বিতরণ করা হয়।

শিক্ষার্থীদের কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তুলতে পাঠ্যক্রমে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে বলে জানান অধ্যাপক আমানুল্লাহ। তিনি বলেন, কারিকুলাম ও সিলেবাস এমনভাবে সাজানো হচ্ছে, যাতে শিক্ষার্থীরা চাকরির বাজারে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারেন। একই সঙ্গে চাকরির ওপর পুরোপুরি নির্ভর না করে নিজস্ব দক্ষতা কাজে লাগিয়ে ঘরে বসে আয় করার সুযোগ তৈরির বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।

সিলেবাস সংস্কারের অগ্রগতি তুলে ধরে উপাচার্য বলেন, অনার্স দ্বিতীয় বর্ষের সিলেবাসের যাচাই-বাছাই শেষে তা আপলোড করা হয়েছে। প্রায় ৫০টি বিষয়ে পাঁচ হাজারের মতো কোর্স রয়েছে। এসব কোর্সের সংস্কারকাজ শুরু হয়েছে, যার মধ্যে ৪০০টি কোর্সের সংস্কার শেষ হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে পাস কোর্সের সিলেবাস যাচাই-বাছাই শেষে আপলোড করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তোলার ওপরও জোর দেন উপাচার্য। তিনি জানান, শিক্ষকদের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যেসব কলেজে তথ্যপ্রযুক্তি ল্যাব নেই, সেসব প্রতিষ্ঠানে ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :