চার দল নিয়ে ঢাকায় শুরু হচ্ছে খালেদা জিয়া আইএইচএফ ট্রফি

আপলোড সময় : ১৬-১০-২০২৬ , আপডেট সময় : ১৬-১০-২০২৬ ০৯:০৪:২৬ পূর্বাহ্ন

নিজ দেশে অনুশীলন ও প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ সীমিত থাকায় ইরানে অনুশীলন করে আফগানিস্তানের নারী হ্যান্ডবল দল। বাংলাদেশে অনুষ্ঠেয় খালেদা জিয়া আইএইচএফ ট্রফিতে অংশ নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে দলটি। আফগানিস্তানের নামে খেলতে চাওয়া দলটির তালিকায় পাঁচ ইরানি পাসপোর্টধারী খেলোয়াড় থাকায় এ জটিলতা তৈরি হয়। আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের নিয়ম অনুযায়ী, অন্য দেশের পাসপোর্টধারী খেলোয়াড়দের নিয়ে আফগানিস্তানের প্রতিনিধিত্ব করার অনুমতি না পাওয়ায় তাদের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়ে। আগামী ১৮ থেকে ২২ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামানুসারে আয়োজিত আইএইচএফ ট্রফির সিনিয়র নারী বিভাগের প্রতিযোগিতা। আফগানিস্তান বাদ পড়ায় এখন স্বাগতিক বাংলাদেশ, ভারত, নেপাল ও মালদ্বীপ—এই চার দল নিয়ে হবে টুর্নামেন্ট। ঘরের মাঠে প্রতিযোগিতায় বাংলাদেশের লক্ষ্য ফাইনালে জায়গা করে নেওয়া।

আফগানিস্তানের প্রতিনিধিত্ব করতে হলে খেলোয়াড়দের দেশটির পাসপোর্ট থাকা বাধ্যতামূলক। কিন্তু আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের কাছে পাঠানো আফগান দলের তালিকায় পাঁচজন ইরানি পাসপোর্টধারী খেলোয়াড়ের নাম ছিল। বিষয়টি নজরে আসার পর নিয়ম মেনে দল পাঠানোর নির্দেশ দেয় বিশ্ব হ্যান্ডবলের নিয়ন্ত্রক সংস্থা। তবে নিজেদের খেলোয়াড় নিয়ে অংশ নিতে পারবে না বলে জানিয়ে দেয় আফগানিস্তান।

এ বিষয়ে হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহাম্মেদ বুধবার সংবাদমাধ্যমকে বলেন, ‘শুরুতে আফগানিস্তানের আসার কথা ছিল। ওরা ওদের দলের সঙ্গে পাঁচ ইরানি খেলোয়াড়ের নামও পাঠায়, যা নিয়মবহির্ভূত। অন অ্যারাইভাল ভিসার জন্য এক দেশের খেলোয়াড়দের মধ্যে অন্য দেশের খেলোয়াড় কীভাবে থাকে? আমরা আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনকে জানালে তারা আফগানিস্তানকে সম্পূর্ণ নিজেদের খেলোয়াড় নিয়ে আসতে বলেছিল। কিন্তু দলটি অপারগতা প্রকাশ করে। তাই আফগানিস্তানকে আমাদের পাশাপাশি আন্তর্জাতিক ফেডারেশনও অংশগ্রহণ করতে না করে দেয়।’

এদিকে টুর্নামেন্টে অংশ নিতে ভারতীয় নারী হ্যান্ডবল দলের ঢাকায় আসার কথা রয়েছে ১৭ অক্টোবর বিকেলে। রাজনৈতিক টানাপোড়েন কিংবা অন্য কারণে ভারতের ক্রিকেট দল বাংলাদেশ সফরে না এলেও দেশটির নারী হ্যান্ডবল দল নির্ধারিত সূচি অনুযায়ী প্রতিযোগিতায় অংশ নিতে আসছে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :