ঠাকুরগাঁওয়ে মুক্তিযুদ্ধের প্রজন্মের নবগঠিত কমিটির মতবিনিময়

আপলোড সময় : ১৮-১০-২০২৬ , আপডেট সময় : ১৮-১০-২০২৬ ১১:৫২:৪০ পূর্বাহ্ন

স্বাধীনতা-সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় অখণ্ডতা ও জাতীয়তাবাদের চেতনা জাগ্রত রাখার অঙ্গীকার নিয়ে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করেছে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’-এর নবগঠিত জেলা আহ্বায়ক কমিটি।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক কনফারেন্স রুমে জেলা আহ্বায়ক কমিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির ঠাকুরগাঁও জেলা শাখার আহ্বায়ক আহমেদুর রহমান কাজল। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী।

প্রধান অতিথির বক্তব্যে পয়গাম আলী বলেন, স্বাধীনতার সঠিক ইতিহাস ও জাতীয়তাবাদী চেতনা তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে মুক্তিযুদ্ধের প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের বর্তমান পরিস্থিতিতে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকদেরও এ প্রচেষ্টায় পাশে থাকার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে আহমেদুর রহমান কাজল সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি তুলে ধরেন। একই সঙ্গে ঠাকুরগাঁও জেলার উন্নয়ন ও মানুষের অধিকার আদায়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

সভায় আরও বক্তব্য দেন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক রাশিদুজ্জামান মলয় ও সাইদা আফরোজা চৌধুরী পুতুল এবং সদস্যসচিব হায়দারসহ সংগঠনের জেলা ও স্থানীয় পর্যায়ের নেতারা। সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনের সুপারিশে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’-এর কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী ইশরাক হোসেন ও সাধারণ সম্পাদক ড. কে এম আই মন্টি সম্প্রতি ৭১ সদস্যবিশিষ্ট ঠাকুরগাঁও জেলা আহ্বায়ক কমিটির অনুমোদন দেন। মতবিনিময় সভায় নবগঠিত কমিটির সদস্যদের সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :