শুধু হ্যাকের দাবি তুলে দায় এড়ানো যায় না

আপলোড সময় : ১৮-১০-২০২৬ , আপডেট সময় : ১৮-১০-২০২৬ ১১:৫২:৪৫ পূর্বাহ্ন

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে দুই তারকার বিকৃত ও আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা পরীমনি। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ইনস্টাগ্রাম পেজ থেকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর পেজ হ্যাক হওয়ার দাবি তুলে শুধু দুঃখপ্রকাশ করায় প্রশ্ন তুলেছেন তিনি। পরীমনির মতে, এমন ঘটনায় কেবল দুঃখ প্রকাশ করে দায় এড়ানোর সুযোগ নেই; সংশ্লিষ্টদের জবাবদিহি নিশ্চিত করতে হবে।

শুক্রবার রাতে নিজের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারে এসে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ও আপত্তিকর কনটেন্ট ছড়ানোর প্রবণতা নিয়ে কথা বলেন এই অভিনেত্রী। একই সঙ্গে ভিডিওটি প্রচারের ক্ষেত্রে সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেলের ভূমিকা ও গাফিলতি নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তাঁর বক্তব্য অনুযায়ী, ভিডিওটি পুরোনো হলেও মূলধারার একটি গণমাধ্যমের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ থেকে ছড়িয়ে পড়ায় ঘটনাটি নতুন করে আলোচনায় আসে।

লাইভে চ্যানেলটির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে পরীমনি বলেন, এত বড় একটি গণমাধ্যমের পেজে ভিডিওটি টানা ১১ ঘণ্টা কীভাবে থেকে গেল? এই সময়ের মধ্যে পেজটির নিয়ন্ত্রণ ফিরে পেতে কোনো কার্যকর আইনি বা প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর ভাষ্য, এত দীর্ঘ সময় ধরে এমন কনটেন্ট প্রচারিত হওয়ার পর শুধু পেজ হ্যাক হওয়ার দাবি তুলে দায় এড়ানো যায় না। একইভাবে যে কেউ এমন দাবি করতে পারেন বলেও মন্তব্য করেন এই অভিনেত্রী।

ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একাংশের প্রতিক্রিয়ারও সমালোচনা করেন পরীমনি। তাঁর মতে, অনেকেই বিষয়টি ভুয়া বুঝতে পারলেও কিছু মানুষ এটিকে কেন্দ্র করে নেতিবাচক আলোচনা ও প্রচার চালিয়ে যাচ্ছেন। এমনকি বিভিন্ন অপ্রাসঙ্গিক পোস্টের মন্তব্যের ঘরেও ভিডিওটির লিংক খোঁজা ও ছড়িয়ে দেওয়ার প্রবণতা তাঁকে হতাশ করেছে। কটূক্তিকারীদের উদ্দেশে ব্যঙ্গ করে পরীমনি বলেন, ‘তোমরা যখন এই ভুয়া ভিডিও নিয়ে এতটা উন্মাদনায় মেতেছিলে, তখন আমার ইচ্ছা হচ্ছিল নিজেই একটা খোলামেলা ফটোশুট করে ফেলি।’

দীর্ঘ সময় লাইভে কথা বলার পর নিজের ফেসবুক পেজ থেকে ভিডিওটি সরিয়ে নেন পরীমনি। পরে আজ সকালে এক সংক্ষিপ্ত স্ট্যাটাসে তিনি লেখেন, ‘ওপস সরি, ডিলেট করে দিয়েছি। শুভ সকাল।’

এদিকে পরীমনি সম্প্রতি নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের নতুন ওয়েব চলচ্চিত্র ‘সেপারেশন’-এর কাজ শেষ করেছেন। এতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :