মোঃ ইব্রাহীম খলিল, গাজীপুর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিনামূল্যে মৌলিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রশিক্ষণ দিতে ব্রেইন সিস্টেম লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
গত ১৭ অক্টোবর রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন এবং ব্রেইন সিস্টেম লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান দয়াল কুমার বড়ুয়া এতে স্বাক্ষর করেন।
সমঝোতা অনুযায়ী, শিক্ষার্থীদের এআই বিষয়ে প্রাথমিক ধারণা, সচেতনতা ও ব্যবহারিক দক্ষতা বাড়াতে বিনামূল্যে মৌলিক প্রশিক্ষণ কোর্স চালু করা হবে। তবে উভয় পক্ষের সম্মতিতে নামমাত্র নিবন্ধন ফি নির্ধারণ করা হতে পারে। আগ্রহীদের জন্য উন্নত এআই কোর্স ও বিশেষায়িত প্রশিক্ষণের ব্যবস্থাও থাকবে, যার ফি ও শর্ত আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে।
এ ছাড়া শিল্পখাতের চাহিদা অনুযায়ী শিক্ষাক্রম হালনাগাদ, শ্রমবাজার নিয়ে যৌথ গবেষণা, প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজনের পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা এবং চাকরির সুযোগ তৈরিতেও কাজ করবে দুই প্রতিষ্ঠান। প্রশিক্ষণ শেষে দক্ষতার স্বীকৃতি হিসেবে সনদ দেওয়ার ব্যবস্থাও থাকবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোনো এআই প্রতিষ্ঠানের এ ধরনের সমঝোতা স্মারক স্বাক্ষর এই প্রথম বলে জানানো হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর দক্ষতা বৃদ্ধি এবং উচ্চশিক্ষার সঙ্গে শিল্পখাতের চাহিদার সমন্বয় ঘটবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশনস এক্সপার্ট গৌতম বড়ুয়া ও আন্তর্জাতিক ডেস্কের পরিচালক রাজ বিন কাসেম উপস্থিত ছিলেন। ব্রেইন সিস্টেম লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন এবং পরিচালক এস কে তারেক।