কাতারে গ্রেপ্তার সাবেক বিমানবাহিনী প্রধান

আপলোড সময় : ১৯-১০-২০২৬ , আপডেট সময় : ১৯-১০-২০২৬ ০৫:৫৮:০৯ অপরাহ্ন

দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানকে কাতারে গ্রেপ্তার করা হয়েছে। ইন্টারপোলের মাধ্যমে পাঠানো অনুরোধের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করে কাতার পুলিশ। রোববার এ তথ্য নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।

ঢাকায় দুদকের প্রধান কার্যালয়ে এক ব্রিফিংয়ে সাইদুর রহমান খান বলেন, শনিবার অনানুষ্ঠানিকভাবে আব্দুল হান্নানের গ্রেপ্তারের খবর পায় দুদক।

রোববার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া গেছে, তিনি কাতারের রাজধানী দোহায় গ্রেপ্তার হয়েছেন।

বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) শাখার মাধ্যমে ইন্টারপোল থেকে এ তথ্য পেয়েছে কমিশন।

আব্দুল হান্নানকে কাতার থেকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে দুদক সচিব জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে কমিশনের কাছে কিছু তথ্য চেয়েছে। প্রয়োজনীয় তথ্য সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব তথ্যের ভিত্তিতে তাঁকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শেখ আব্দুল হান্নান ২০২১ সালের ১২ জুন থেকে ২০২৪ সালের ১১ জুন পর্যন্ত বিমানবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময়ে ক্ষমতার অপব্যবহার করে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের ২৭ জুলাই অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে তাঁর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করে দুদক।

দুদকের উপপরিচালক মো. তানজির হাসিব সরকার বাদী হয়ে সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ মামলা দুটি করেন। সে সময় দুদক জানায়, আব্দুল হান্নানের জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ প্রায় তিন কোটি ২৮ লাখ টাকার সম্পদের সন্ধান পাওয়া গেছে। এ ছাড়া তাঁর নামে থাকা ছয়টি ব্যাংক হিসাবে প্রায় ২৭ কোটি ৬৩ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে।

অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে ২০২৫ সালের ৫ মে আব্দুল হান্নান, তাঁর স্ত্রী ও সন্তানদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত। পরে তাঁদের জমি, বাড়ি ও তিনটি ফ্ল্যাট জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে কাতারে অবস্থানরত আব্দুল হান্নানকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা চেয়ে কার্যক্রম চালিয়ে আসছিল দুদক।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :