ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে শীতলা মাতা মন্দিরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পুণ্যার্থীদের ওপর উঠে গেছে একটি ট্রাক। এ দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। ধানবোঝাই ট্রাকটি পুলিশের ব্যারিকেড ভেঙে পুণ্যার্থীদের চাপা দেওয়ার পর মন্দিরের ফটক ও বাইরের দেয়ালে ধাক্কা দেয়।
রোববার (১৮ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, শনিবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।
গোয়ালিয়রের জ্যেষ্ঠ পুলিশ সুপার ধর্মবীর সিং জানান, রাত দেড়টার দিকে ট্রাকটি ছিনোরের দিক থেকে আসছিল। সড়কটির ঢাল বেশি হওয়ায় সেখানে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু ট্রাকটি পুলিশের ব্যারিকেড ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে নিচের দিকে নেমে আসে। এ সময় সড়কে থাকা পুণ্যার্থীদের চাপা দেয় ট্রাকটি। পরে সেটি শীতলা মাতা মন্দিরের বাইরের দেয়াল ও ফটকে সজোরে ধাক্কা দেয়।
পুলিশ সুপার আরও জানান, দুর্ঘটনায় দায়িত্ব পালনরত দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে।
দুর্ঘটনার পর ৩৯ জনকে হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন পুলিশ সুপার। অন্যরা সামান্য আহত হয়েছেন।