পশ্চিম তীরে মেয়র-সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১০

আপলোড সময় : ২০-১০-২০২৬ , আপডেট সময় : ২০-১০-২০২৬ ০৪:১৫:৪৯ অপরাহ্ন

ফ্রান্সের মেয়র ও যুক্তরাষ্ট্রের এক গণমাধ্যমকর্মীর ওপর হামলার ঘটনায় ১০ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ইসরায়েল। অধিকৃত পশ্চিম তীরে গত কয়েকদিনে পৃথকভাবে এসব হামলা করে বসতি স্থাপনকারীরা।

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, কয়েকটি স্থানে অভিযান চালিয়ে হামলা সংশ্লিষ্ট গাড়ি ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। সহিংস ঘটনাগুলোতে জড়িত থাকার সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পশ্চিম তীরে বর্তমানে জলপাই পাড়ার মৌসুম চলছে। কিন্তু বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনি কৃষকদের জলপাই সংগ্রহে বাধা দিচ্ছে। পরিস্থিতি পর্যবেক্ষণে শনিবার সেখানে গিয়েছিলেন ফ্রান্স, বেলজিয়াম ও পোল্যান্ডের কূটনীতিকরা। প্রতিনিধি দলে ফ্রান্সের ওলনোয়া-আইমেরিজ শহরের মেয়র বার্নার্ড বোদুও (৭৮) ছিলেন। এএফপিকে ফরাসি মেয়র বলেন, ফিলিস্তিনি কৃষকদের সঙ্গে যোগ দেওয়ার সময় মুখোশধারী বসতি স্থাপনকারীরা ফ্রান্সকে নিয়ে বাজে মন্তব্য করছিল। এক সময় তাঁকে লাথি ও লোহার রড দিয়ে তারা আঘাত করে।

এই হামলার একদিন আগে বসতি স্থাপনকারীরা দ্য ওয়াশিংটন পোস্টের আলোকচিত্রী হেইডি লেভিনকে মারধর করে। তিনি মেরুদণ্ডে গুরুতর আঘাত পেয়েছেন।

দুটি ঘটনা নিয়েই সংশ্লিষ্ট দেশের সরকারের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছিল। ইসরায়েলে আগামী ২৭ অক্টোবর নির্বাচন হওয়ার কথা। এর আগে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। তারা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য একটি গুরুত্বপূর্ণ ভোটব্যাংক।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :