দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার প্রেমের গল্প নিয়ে ভক্তদের আগ্রহ দীর্ঘদিনের। এবার নিজেদের প্রেম ও বিয়ের গল্প বলতে গিয়ে মজার এক তথ্য জানালেন রাশমিকা। অভিনেত্রী জানান, বিজয়ের কাছ থেকে বিয়ের প্রস্তাবের অপেক্ষায় বসে ছিলেন না তিনি। বরং নিজেই এক বছর ধরে বিজয়কে বিয়ের কথা বলে আসছিলেন।
সম্প্রতি পরিচালক ও সঞ্চালক করণ জোহরের জনপ্রিয় টকশো ‘কফি উইথ করণ ৯’-এর নতুন পর্বের ট্রেলারে দেখা গেছে এই তারকা দম্পতিকে। সেখানে খোলামেলা কথোপকথনের একপর্যায়ে তাদের বিয়ের প্রস্তাব নিয়ে আলোচনা হয়। করণ বিজয়কে প্রশ্ন করেন, তিনি কি রাশমিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন? উত্তরে রাশমিকা মাথা নেড়ে সম্মতি না জানালে বিজয় বলেন, ‘ও-ই বলেছিল, চলো বিয়ে করি।’
এরপর মজার ছলে বিজয় বলেন, রাশমিকা তাকে প্রায় ১০০ বার বিয়ের কথা জিজ্ঞাসা করেছেন। বিষয়টি নিশ্চিত হতে করণ রাশমিকাকে প্রশ্ন করেন, সত্যিই কি তিনি এতবার বিজয়কে বিয়ের কথা বলেছিলেন? মুচকি হেসে রাশমিকা জানান, তিনি পুরো এক বছর ধরেই বিজয়কে বিয়ের কথা বলেছেন। তার এমন স্বীকারোক্তিতে অবাক হয়ে যান করণ।
পরিস্থিতি সামাল দিতে বিজয় মজার ছলে বলেন, ‘আমি তো আর খারাপ মানুষ নই!’ সদ্য বিবাহিত এই তারকা দম্পতির কথোপকথনে তাদের ব্যক্তিগত জীবনের নানা মজার মুহূর্ত উঠে এসেছে, যা নিয়ে ভক্তদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে।
বিজয় ও রাশমিকার পরিচয় ২০১৮ সালে তেলুগু রোমান্টিক সিনেমা ‘গীতা গোবিন্দম’-এর মাধ্যমে।
পরের বছর ‘ডিয়ার কমরেড’ সিনেমায়ও একসঙ্গে অভিনয় করেন তারা। দুই সিনেমায় তাদের পর্দার রসায়ন দেখে বাস্তব জীবনেও প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে দীর্ঘদিন নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি এই তারকা জুটি।
সম্প্রতি বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার পর তাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহল আরও বেড়েছে।
বিয়ের আয়োজনে তেলুগু ও কোডাভা—দুই ঐতিহ্যেরই ছাপ ছিল। এরই মধ্যে বিয়ের পর প্রথমবারের মতো জুটি হয়ে নতুন সিনেমা ‘রণবলী’ নিয়ে হাজির হয়েছেন তারা। রাহুল সাংকৃত্যায়ন পরিচালিত সিনেমাটি ১৬ অক্টোবর তেলুগু, তামিল, হিন্দি, মালায়ালাম ও কন্নড় ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। বর্তমানে সিনেমাটির প্রচার নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই তারকা দম্পতি।