বাঘায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতারা

আপলোড সময় : ২১-১০-২০২৬ , আপডেট সময় : ২১-১০-২০২৬ ০৩:৫৯:০৭ অপরাহ্ন

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর এলাকায় শারদীয় দুর্গাপূজার উৎসবমুখর পরিবেশ ও সার্বিক পরিস্থিতি দেখতে ১৪টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন পৌর বিএনপির সভাপতি ও আসন্ন নির্বাচনে মেয়র পদপ্রার্থী তোজাম্মেল হক। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শান্তিপূর্ণভাবে উৎসব উদ্‌যাপনের বিষয়ে খোঁজখবর নেন।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যার পর থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত দলীয় নেতাকর্মীদের সঙ্গে মোটরসাইকেলে করে পৌর এলাকার মণ্ডপগুলো ঘুরে দেখেন তোজাম্মেল হক। এ বছর বাঘা উপজেলায় মোট ৪৭টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে আড়ানী পৌরসভায় রয়েছে ১৪টি মণ্ডপ। পরিদর্শনকালে তিনি পূজার আয়োজন, মণ্ডপের সার্বিক পরিস্থিতি ও উৎসবের পরিবেশ সম্পর্কে খোঁজ নেন। পাশাপাশি মণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন আড়ানী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক-২ জিয়াউর রহমান, সাবেক পৌর বিএনপির আহ্বায়ক ও শিক্ষক জাহিদুল ইসলাম এবং জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিলন প্রাংসহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। স্থানীয়দের প্রত্যাশা, পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হবে। এ ধরনের উদ্যোগ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি সামাজিক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করতে ভূমিকা রাখবে বলে মনে করছেন তাঁরা।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :