বলিউড অভিনেত্রী খুশি কাপুরের ব্যক্তিগত জীবন নিয়ে আবারও শুরু হয়েছে আলোচনা। প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী ও নির্মাতা বনি কাপুরের ছোট মেয়ে খুশির সঙ্গে আকাশ মেহতার প্রেমের সম্পর্ক রয়েছে বলে গুঞ্জন ছড়িয়েছে। সম্প্রতি একসঙ্গে অবকাশযাপনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নতুন করে আলোচনায় এসেছে এই জুটি।
আকাশ মেহতা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অবকাশযাপনের কয়েকটি ছবি শেয়ার করেছেন। এর মধ্যে একটি ছবিতে নীল আকাশ ও সমুদ্রের মাঝে নৌকায় বসে পোজ দিতে দেখা যায় খুশি কাপুর ও আকাশকে। লেপার্ড প্রিন্টের সাঁতারের পোশাক পরা খুশিকে ছবিতে সেলফি তোলার সময় আকাশের দিকে ঝুঁকে থাকতে দেখা যায়। তাঁদের একসঙ্গে এমন মুহূর্তের ছবি ঘিরেই প্রেমের গুঞ্জন ছড়িয়েছে।
আকাশের সঙ্গে খুশির সম্পর্ক নিয়ে আলোচনা অবশ্য নতুন নয়। গত সেপ্টেম্বরেও বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছিল, তাঁদের পুরোনো সম্পর্ক আবারও জোড়া লেগেছে। খুশির ছোটবেলার প্রেমিক হিসেবেও আকাশের নাম উঠে আসে। জানা যায়, বলিউডে অভিনয় শুরু করার আগেই তাঁদের পরিচয় হয়েছিল এবং একসময় তাঁরা সম্পর্কে জড়িয়েছিলেন।
সম্প্রতি একসঙ্গে অবকাশযাপনের ছবি প্রকাশ্যে আসায় সেই পুরোনো গুঞ্জন নতুন করে আলোচনায় এসেছে। তবে ছবিতে তাঁদের সম্পর্কের বিষয়ে নিশ্চিত হওয়ার মতো কোনো বক্তব্য বা ক্যাপশন নেই। এ বিষয়ে এখনো মুখ খোলেননি খুশি কিংবা আকাশ। ফলে তাঁদের সম্পর্কের বিষয়টি এখনো গুঞ্জনের মধ্যেই সীমাবদ্ধ।
খুশি কাপুর ২০২৩ সালে জোয়া আখতার পরিচালিত ‘দ্য আর্চিস’ সিনেমার মাধ্যমে অভিনয়জগতে পা রাখেন। ওই বছরের ২২ নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাওয়া সিনেমাটিতে তাঁর সঙ্গে অভিনয় করেন বেদাং রায়না। পরবর্তী সময়ে বেদাংয়ের সঙ্গেও খুশির প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। তবে তাঁদের সম্পর্ক নিয়ে সরাসরি কিছু বলতে দেখা যায়নি দুজনের কাউকেই।
করণ জোহর সঞ্চালিত ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে বেদাংয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে রসিকতার মাধ্যমে জবাব দিয়েছিলেন খুশি। ‘ওম শান্তি ওম’ সিনেমার একটি দৃশ্যের প্রসঙ্গ টেনে তিনি বলেছিলেন, ‘ওম এবং আমি শুধুই বন্ধু।’ তাঁর এই মন্তব্যের পরও তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনা চলতে থাকে।
গত বছর ‘কানেক্ট সিনে’কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেমের প্রস্তাব নিয়ে প্রশ্নের মুখোমুখি হন খুশি। অতীতে পাওয়া কোনো প্রেমের প্রস্তাব তাঁকে প্রভাবিত করেছিল কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমাকে এখনো কেউ কোনো প্রেমের প্রস্তাব দেয়নি।’
অন্যদিকে, বিয়ে নিয়ে নিজের স্বপ্নের কথাও আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন এই অভিনেত্রী। সিদ্ধার্থ কানানকে দেওয়া সাক্ষাৎকারে খুশি বলেন, ছোটবেলা থেকেই ধুমধাম করে বিয়ের স্বপ্ন দেখতেন তিনি। বিয়ের পরও বাবার বাড়ির কাছাকাছি থাকার ইচ্ছা তাঁর। ভবিষ্যৎ পরিবার নিয়ে নিজের পরিকল্পনা জানিয়ে খুশি বলেন, স্বামী, দুই সন্তান ও অনেকগুলো পোষ্য কুকুর নিয়ে সংসার গড়তে চান তিনি।