তানিয়া আক্তার, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ বাস দুর্ঘটনায় তিনজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে সার্ভিস লেন অতিক্রম করে পানিভর্তি খাদে পড়ে যায় চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী দর্শনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার অভিযান চালায়।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারও মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। শনিবার রাত ৩টা ১৮ মিনিটে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাসাড়া এলাকায় ঘটে এ দুর্ঘটনা।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী দর্শনা পরিবহনের বাসটি একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি সড়কের রেলিং ভেঙে সার্ভিস লেন অতিক্রম করে পাশের পানিভর্তি খাদে পড়ে যায়।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধার করা হয় আহত ১৬ জনকে। তাঁদের মধ্যে ১১ জনকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। বাকি পাঁচজনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। তাঁদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে ফায়ার সার্ভিস। নিহতদের মধ্যে রুকুনুজ্জামান রঞ্জু (৫৫) নামে একজনের পরিচয় জানা গেছে। তিনি চুয়াডাঙ্গার বাসিন্দা। বাকি দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
সিংকঃ মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএমউপসহকারী পরিচালক মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দুর্ঘটনার পর উদ্ধারকাজ পরিচালনা করে ফায়ার সার্ভিস। হতাহতদের পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।