সালাম হোসেন, ঝিনাইদহ : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পুনর্গঠিত ১৯৫ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটিতে খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঝিনাইদহের উদীয়মান নেত্রী শাহরিন সুলতানা ইরা। গত ২৩ অক্টোবর ২০২৬ দলটি নতুন এই পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করে। উক্ত কমিটিতে একই বিভাগে সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোল্যা রহমতুল্লাহ।
ঘোষিত নতুন কমিটিতে দলটির আহ্বায়ক পদে মোঃ নাহিদ ইসলাম এবং সদস্যসচিব পদে আখতার হোসেন বহাল রয়েছেন। এ ছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আবদুল্লাহ। সিনিয়র যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব অর্পণ করা হয়েছে মোঃ সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ওপর। কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি বিভাগীয় পর্যায়েও সাংগঠনিক কার্যক্রমে গতি ফেরাতে দায়িত্ব পুনর্বিন্যাস করা হয়েছে।
নবমনোনীত খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহরিন সুলতানা ইরা ঝিনাইদহ শহরের অগ্নিবীণা সড়কের ব্যাপারীপাড়ার বাসিন্দা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করা শাহরিন ছাত্রজীবন থেকেই রাজনীতিতে অত্যন্ত সক্রিয়। তিনি ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল সংসদের সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
পরবর্তী সময়ে জাতীয় রাজনীতিতে যুক্ত হয়ে তিনি ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ’ (আপ বাংলাদেশ)-এর মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন। এনসিপির পূর্ববর্তী কমিটিতে তিনি যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। খুলনা বিভাগের দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় শাহরিন ইরা বলেন, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়ে আমি দলের শীর্ষ নেতৃত্বের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সততা, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করতে চাই। এ লক্ষ্য অর্জনে আমি সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।এদিকে, শাহরিন ইরার এ অর্জনে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন এনসিপির ঝিনাইদহ জেলা শাখার যুগ্ম সদস্য সচিব (দপ্তর) মোঃ হামিদ পারভেজ মিয়া। এক বার্তায় তিনি বলেন, শাহরিন ইরার এই পদায়ন আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। আশা করি, তাঁর নেতৃত্ব, রাজনৈতিক অভিজ্ঞতা ও মেধার গুণে খুলনা বিভাগে এনসিপির সাংগঠনিক কাঠামো আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।
গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও ইতিবাচক রাজনীতি তৈরিতে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। ঝিনাইদহের এক তরুণ ও প্রতিশ্রুতিশীল নেত্রী কেন্দ্রীয় পর্যায়ে বিভাগীয় দায়িত্ব পাওয়ায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক উদ্দীপনা ও আগ্রহের সৃষ্টি হয়েছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, শাহরিন ইরার যোগ্য নেতৃত্বে খুলনা বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ে এনসিপির কার্যক্রম বহুগুণে গতিশীল হবে এবং তৃণমূলে তরুণদের সম্পৃক্ততা বৃদ্ধি পাবে।