তেল, গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় জনতার জোট। শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সরকারের ভুল নীতি ও অপরিপক্ব পরিকল্পনার কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা ক্রমেই কঠিন হয়ে উঠছে।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় জনতার জোটের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন। প্রধান আলোচক ছিলেন হানিফ বাংলাদেশী।
বক্তারা বলেন, বিশ্ববাজার ও উৎপাদন ব্যয় বৃদ্ধির অজুহাতে তেল ও বিদ্যুতের দাম বাড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনা এবং সঠিক পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন ব্যয় কমানো সম্ভব বলে মনে করেন তারা। এ জন্য বিশেষজ্ঞদের মতামতকে গুরুত্ব দিয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বক্তারা।
তারা আরও বলেন, সাধারণ মানুষের আয় বাড়েনি, অথচ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ক্রমাগত বাড়ছে। এর মধ্যে জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে পরিবহন ভাড়া ও বিভিন্ন পণ্যের উৎপাদন খরচ বেড়ে যায়। পরে ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়ালে সেই বাড়তি ব্যয়ের চাপও বহন করতে হয় সাধারণ মানুষকে। এতে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জীবনযাপন আরও দুর্বিষহ হয়ে উঠছে।
বক্তারা অভিযোগ করেন, জ্বালানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রভাব কর্মসংস্থানেও পড়ছে এবং বেকারত্বের সমস্যা আরও বাড়ছে। সরকারের ‘আই হ্যাভ আ প্ল্যান’ বক্তব্যের সমালোচনা করে তারা বলেন, পরিকল্পনার সুফল যদি সাধারণ মানুষের জীবনে প্রতিফলিত না হয়, তবে সেই পরিকল্পনা দিয়ে মানুষের দুর্ভোগ কমানো সম্ভব নয়। বিশেষ করে শ্রমজীবী মানুষের জীবনধারণ দিন দিন কঠিন হয়ে উঠছে।
এ পরিস্থিতি থেকে উত্তরণে জনগণের বাস্তব সমস্যা বিবেচনায় নিয়ে সঠিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানান বক্তারা। তাদের মতে, জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে জ্বালানি খাতের ব্যয় নিয়ন্ত্রণ এবং নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন দলের মহাসচিব হাজী আব্দুর রহিম, যুগ্ম মহাসচিব মো. ফয়েজ আহমেদ, কেন্দ্রীয় নেতা নুরুজ্জামান, বাংলাদেশ বিক্রয় পেশাজীবী অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মো. আরিফুর রহমান, ন্যাশনাল সবুজ বাংলা পার্টির চেয়ারম্যান শাহ আলম তাহের, শান্তির দলের মহাসচিব প্রকৌশলী মামুন এবং ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী প্রকৌশলী আনিসুর রহমানসহ বিভিন্ন দলের ও সংগঠনের নেতারা।