ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে খেলা হচ্ছে না পেসার নাহিদ রানার। তবে অস্ট্রেলিয়ায় চিকিৎসা করাতে গিয়ে তাঁর চোটের যে ধরন ধরা পড়েছে, তাতে দক্ষিণ আফ্রিকা সফরেও তাঁকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গুরুত্বপূর্ণ দুই টেস্ট সিরিজে এই গতিময় পেসারকে না পাওয়ার আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছে বাংলাদেশ দল।
নিতম্বে ব্যথা নিয়ে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন নাহিদ। সেখানে পরীক্ষার পর তাঁর ল্যাব্রাম ছিঁড়ে যাওয়ার বিষয়টি ধরা পড়ে। এই চোট থেকে সেরে উঠতে কত দিন লাগবে, তা এখনো নিশ্চিত নয়।
ফলে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পাশাপাশি আগামী নভেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরেও তাঁর খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।
ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজকে নাহিদের চোটের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা। তিনি জানান, নাহিদের ল্যাব্রাম ছিঁড়ে গেছে। অস্ট্রেলিয়ায় তাঁকে ইতিমধ্যে একটি ইনজেকশন দেওয়া হয়েছে এবং পুনর্বাসন কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) তাঁর বোলিং শুরু করার সম্ভাবনা রয়েছে।
ল্যাব্রাম হলো জয়েন্টের সংযোগস্থলে থাকা এক ধরনের নমনীয় টিস্যু, যা জয়েন্টকে স্থিতিশীল রাখতে সাহায্য করে। এই টিস্যুতে আঘাত লাগলে সুস্থ হতে সময় লাগতে পারে। নাহিদের ক্ষেত্রে পুনর্বাসন কতটা দ্রুত এগোয়, তার ওপরই নির্ভর করছে তাঁর মাঠে ফেরার সময়।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ঘোষিত বাংলাদেশের ১৫ সদস্যের দলে জায়গা পাননি নাহিদ। পুরো সিরিজেই তাঁর খেলা হচ্ছে না বলে ধরে নেওয়া হচ্ছে। অন্যদিকে, আগামী ১৫ নভেম্বর থেকে দক্ষিণ আফ্রিকা সফর শুরু হওয়ার কথা বাংলাদেশের। এই সফরে দুটি টেস্টের পাশাপাশি তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে দলটি।
বিসিবির ওই কর্মকর্তা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের আগেই নাহিদের সুস্থ হয়ে ওঠার বিষয়ে আশাবাদী নন। দ্বিতীয় টেস্টে তাঁকে পাওয়া যাবে কি না, তা নির্ভর করবে পুনর্বাসনের অগ্রগতির ওপর। ওই সময়ের মধ্যেও সুস্থ হতে না পারলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাদা বলের সিরিজ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারেন এই পেসার।