ভালুকায় ফেসবুক লাইভের ঘটনায় নারী উদ্যোক্তার কারাদণ্ডাদেশ

আপলোড সময় : ২৭-১০-২০২৬ , আপডেট সময় : ২৭-১০-২০২৬ ০১:০৪:৪৫ অপরাহ্ন

ময়মনসিংহের ভালুকায় ফেসবুক লাইভে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশের পর উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে আটক নারী উদ্যোক্তা সাথী আক্তারকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২৬ অক্টোবর) ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠায় পুলিশ। পরে জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

সোমবার বিকেল ৩টার দিকে ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাজেদুল ইসলাম এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ আদালতের পরিদর্শক মোস্তাছিনুর রহমান। তিনি জানান, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারা অনুযায়ী, কোনো ব্যক্তি আমলযোগ্য অপরাধ ঘটাতে পারেন বলে পুলিশের আশঙ্কা হলে তা প্রতিরোধের জন্য তাঁকে গ্রেপ্তার করা যায়। এ ক্ষেত্রে পুলিশ বাদী হয়ে আইনি ব্যবস্থা নেয়।

ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির জ্যেষ্ঠ সদস্য ও আইনজীবী এ এইচ এম খালেকুজ্জামান জানান, অপরাধ প্রতিরোধের উদ্দেশ্যে এ ধারায় বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষমতা পুলিশের রয়েছে। ওই ধারায় গ্রেপ্তার দেখিয়েই সাথী আক্তারকে আদালতে পাঠানো হয়েছিল।

তবে সাথী আক্তারের ফেসবুক লাইভের ভিডিও পর্যালোচনা করে সরকারবিরোধী কোনো বক্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, তিনি ভিডিওটির পুরো অংশ চারবার পর্যালোচনা করেছেন। সেখানে সরকারবিরোধী বা সরকারের সমালোচনামূলক কোনো বক্তব্য পাননি।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :