মাগুরায় শাকের হত্যার প্রতিবাদে আইনজীবী ফোরামের মানববন্ধন

আপলোড সময় : ২৭-১০-২০২৬ , আপডেট সময় : ২৭-১০-২০২৬ ০১:০৪:৪৭ অপরাহ্ন

মাগুরা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ শাকের হোসেন হত্যাকাণ্ডের প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় মাগুরা জেলা আইনজীবী ভবনের সামনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, মাগুরা জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক শাহেদ হাসান টগর, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মাগুরা জেলা শাখার সভাপতি রোকনুজ্জামান খান, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট কুমুদ রঞ্জন বিশ্বাস ও অ্যাডভোকেট আহমেদ আলী।

বক্তব্যে অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান বলেন, শাকের হত্যা মামলায় আইনজীবী সমিতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কোনো আইনজীবী আসামিপক্ষে মামলা পরিচালনা করবেন না। একই সঙ্গে অন্য আইনজীবীদেরও এ মামলায় আসামিপক্ষে না দাঁড়ানোর আহ্বান জানান তিনি। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি। মানববন্ধন শেষে এলাকাবাসীর উদ্যোগে জেলা আইনজীবী ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদ ও নিহত শাকেরের এক মামা। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মাসুদ হাসান খান কিজিল ও জেলা বিএনপির সদস্য কুতুব উদ্দিন কুতুবসহ অন্যরা।

সমাবেশে বক্তারা বলেন, এ ঘটনায় দুজন আসামিকে আটক করা হয়েছে। তারা হত্যাকাণ্ডে জড়িত কি না, তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিশ্চিত করতে হবে। জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাঁদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং হত্যাকাণ্ডে জড়িত সব ব্যক্তিকে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে তাঁরা লাগাতার কর্মসূচি ঘোষণা করবেন। শাকের হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে কর্মসূচি শেষ করেন অংশগ্রহণকারীরা।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :