উত্তরার বাসিন্দা সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের মরদেহ তুরাগে

আপলোড সময় : ২৯-১০-২০২৬ , আপডেট সময় : ২৯-১০-২০২৬
নিখোঁজ হওয়ার পরদিন তুরাগ নদে পাওয়া গেল বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ। নৌ পুলিশ নদ থেকে মরদেহটি উদ্ধারের পর জানা যায়, সেটি তাঁরই।
আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি জানান উত্তরখান থানার ডিউটি অফিসার শাহীনুর জামান। তিনি বলেন, টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির একটি দল বুধবার বিকেলে নদ থেকে মরদেহটি তুলে আনে। পরে সেটি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ঠিক কখন ও কোথায় মরদেহটি পাওয়া গেছে, সে বিষয়ে জানিয়েছেন নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন। তাঁর ভাষ্য, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে একটি খবর পেয়ে পুলিশ তুরাগের রাজাবাড়ী ঘাট এলাকায় যায়। বুধবার বিকেল আনুমানিক সাড়ে ৪টায় সেখান থেকেই মরদেহটি উদ্ধার করা হয়।
নৌ পুলিশ জানায়, উদ্ধারের সময় মরদেহটি কার, তা জানা যায়নি। অজ্ঞাতপরিচয় হিসেবেই সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। পুলিশ বলছে, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ২৮ বছর। পরনে কালো জামা ও সাদা পাজামা, মুখে হালকা দাড়ি। তাঁর হাতে একটি ঘড়ি ছিল, পকেটে ছিল একটি আইফোন। সেই ফোনের সূত্রে শনাক্ত হয় যে তিনি বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরি। রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরে তাঁর বাসা।
আলোচনা আছে, ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উড়োজাহাজে করে দেশ ছেড়ে যাওয়ার ভিডিওটি ধারণ করেছিলেন তাহসিফ। এর পর সেই বছরের ২৮ আগস্টের আশপাশে তাহসিফের পাশাপাশি বিমানবাহিনীর আরও চার কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়।
তবে এসব তথ্যের সত্যতা যাচাই করার মতো কোনো নিরপেক্ষ সূত্র পাওয়া যায়নি।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :