​২০০ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে বাইসাইকেল পেল ২১ শিশু

আপলোড সময় : ০২-০৩-২০২৫ ০২:২৭:০১ পূর্বাহ্ন , আপডেট সময় : ০২-০৩-২০২৫ ০২:২৭:০১ পূর্বাহ্ন
নোয়াখালীর সূবর্ণচরে টানা ২০০ ওয়াক্ত (৪০ দিন) নামাজ জামাতে আদায় করে বাইসাইকেল পুরস্কার পেয়েছে ২১ শিশু। এ ছাড়া আরও ২৯ জনকে দেওয়া হয়েছে অন্যান্য পুরস্কার।

শনিবার (১ মার্চ) সকালে পূর্ব চরবাটা  ইউনিয়নের হাজী আব্দুর রশিদ জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে এ পুরস্কার দেওয়া হয়। এতে আর্থিক সহযোগিতা করেন নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকার এক ব্যবসায়ী।

এ আয়োজনের সমন্বয়ক পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ‘এলাকার শিশু-কিশোরদেরকে নিয়মিত নামাজি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জামাতে নামাজ পড়ার এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ২১ জন বাইসাইকেল ও ২৯ জনকে অন্যান্য উপহার পেয়েছেন।’

হাজী আব্দুর রশিদ জামে মসজিদের খতিব ও চরবাটা ইসমাইলিয়া ফাযিল মাদ্রাসার প্রভাষক মো. ফয়েজ উল্যাহ বলেন, ‘এমন উদ্যোগ প্রত্যেকটি গ্রাম ও সমাজে আয়োজন করা উচিত। এতে শিশু কিশোররা নামাজে উৎসাহিত হবে এবং সমাজ থেকে অন্যায়-অবিচার ও কিশোর গ্যাং সৃষ্টি বন্ধ হয়ে আসবে।’

পুরস্কারপ্রাপ্ত কিশোর মো. সিয়াম বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত। এ প্রতিযোগিতা আমাদেরকে নিয়মিত জামাতে নামাজ আদায় করার অনুপ্রেরণা বাড়িয়ে দিয়েছে। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোনায়েম খানের সভাপতিত্বে ও চরবাটা মহিলা মডেল মাদ্রাসার সহকারী শিক্ষক মহিব উল্যাহর সঞ্চালনায় অনুষ্ঠানে সুবর্ণচর উপজেলা মসজিদ মিশনের সভাপতি মাওলানা আহছান উল্যাহ ও পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ছালেহ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :