মেয়র প্রার্থী হত্যা ও বোমা হামলার পর সীমান্ত শহরে বাড়ছে সেনা

আপলোড সময় : ৩০-১০-২০২৬ , আপডেট সময় : ৩০-১০-২০২৬ ০৬:২০:০০ অপরাহ্ন

ভেনেজুয়েলা সীমান্তঘেঁষা শহর কুকুতায় অপরাধী চক্রের সহিংসতা বেড়ে যাওয়ায় সেখানে সাময়িকভাবে সেনা ও নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা।

বৃহস্পতিবার এ নির্দেশ দেওয়া হয়।

খবরটি দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

নর্তে দে সান্তানদের বিভাগের রাজধানী কুকুতায় গত কয়েক দিনে বেশ কয়েকটি সহিংস ঘটনা ঘটেছে।

স্থানীয় প্রশাসনের তথ্যমতে, এক মেয়র প্রার্থীকে খুন করা হয়েছে, আর বোমা হামলায় আহত হয়েছেন চার পুলিশ সদস্য।

পরিস্থিতি সামলাতে প্রেসিডেন্ট দে লা এসপ্রিয়েলা কুকুতায় অবিলম্বে সামরিক বাহিনী পাঠাতে বলেন। তাঁর ভাষায়, ‘জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ব্যবস্থা সাময়িকভাবে বহাল থাকবে।’

নির্দেশ অনুযায়ী শহরে বাড়তি পুলিশ ও সেনাসদস্য নামানো হবে। তবে কতজন নিরাপত্তাকর্মী পাঠানো হচ্ছে, তা নির্দিষ্ট করে বলা হয়নি।

গত ৭ আগস্ট দায়িত্ব নেওয়ার পর এ নিয়ে দুবার কোনো শহরে সামরিক উপস্থিতি বাড়ানোর নির্দেশ দিলেন ডানপন্থী এই প্রেসিডেন্ট।

প্রথমবার তিনি এমন পদক্ষেপ নিয়েছিলেন সেপ্টেম্বরে, দেশটির জনপ্রিয় পর্যটন শহর সান্তা মার্তায়।

সে সময় মাদক পাচারকারী একটি সশস্ত্র চক্রের হামলায় সান্তা মার্তার বহু ব্যবসাপ্রতিষ্ঠান ও যানবাহনের ব্যাপক ক্ষতি হয়েছিল।

কলম্বিয়া ও ভেনেজুয়েলার মধ্যে সীমান্তের দৈর্ঘ্য প্রায় ২ হাজার ২০০ কিলোমিটার। বিস্তীর্ণ ও দুর্গম এই সীমান্ত এলাকায় মাদক পাচার, অবৈধ খনিজ উত্তোলন আর চোরাচালানে জড়িত বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী সক্রিয়। এদের মধ্যে আছে বিলুপ্ত সশস্ত্র সংগঠন রেভল্যুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া (ফার্ক)-এর বিদ্রোহী অংশ এবং ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন)।

সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা দে লা এসপ্রিয়েলা তখন থেকেই সারা দেশে আকাশ ও স্থল অভিযান জোরদার করেছেন।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :