নাঈমের প্রথম টেস্ট ফিফটিতে বাংলাদেশ ১৪২, ঘূর্ণি উইকেটে ওয়েস্ট ইন্ডিজের সামনে ১৭০

আপলোড সময় : ৩১-১০-২০২৬ , আপডেট সময় : ৩১-১০-২০২৬ ০৭:০৭:১৩ অপরাহ্ন

শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট জিততে ওয়েস্ট ইন্ডিজকে করতে হবে ১৭০ রান। দ্বিতীয় ইনিংসে নাঈম হাসানের দারুণ অর্ধশতকের ওপর দাঁড়িয়ে ১৪২ রান তুলে অলআউট হয়েছে বাংলাদেশ।

উইকেটে যথেষ্ট টার্ন ও বাউন্স থাকায় চতুর্থ ইনিংসে এই রান তাড়া করা যেকোনো দলের জন্যই কঠিন হিসেবে দেখা হচ্ছে।

৬ উইকেটে ৭৯ রান আর ১০৬ রানের লিড নিয়ে চতুর্থ দিন শুরু করে বাংলাদেশ। অলরাউন্ডার নাঈমের ব্যাটে ভর করে স্বাগতিকরা আরও ৬৪ রান যোগ করে; দলের পক্ষে সর্বোচ্চ ৫২ রান আসে তাঁর ব্যাট থেকে। শেষমেশ ১৪২ রানে থামে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস।

আগের দিন নাঈমের সঙ্গে অপরাজিত থাকা জাকের আলী অনিক দিনের প্রথম ওভারেই ২২ রান করে ফিরে যান। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে যায় ওয়েস্ট ইন্ডিজের হাতে।

জোমেল ওয়ারিকান ও রস্টন চেজের ধারালো স্পিনের সামনেও লেজের ব্যাটারদের সঙ্গে নিয়ে দক্ষতার সঙ্গে খেলে দলের লিড ১৫০ ছাড়িয়ে নেন নাঈম।

২৯ রানে চেজের হাতে জীবন পান নাঈম। কঠিন উইকেটে ধৈর্য আর দৃঢ়তা দেখিয়ে ৮৭ বলে পূর্ণ করেন টেস্ট ক্যারিয়ারের প্রথম অর্ধশতক। ওয়ারিকানের বল মিডউইকেটে ঠেলে এক রান নিয়ে মাইলফলক ছোঁন তিনি।

শেষ পর্যন্ত চেজের বলেই লং-অনে ক্যাচ দিয়ে থামে নাঈমের ইনিংস, আর সেই সঙ্গে বাংলাদেশের ইনিংসেরও ইতি টানেন চেজ।

৩৬ রানে ৫ উইকেট নিয়ে ইনিংস শেষ করেন চেজ। প্রথম ইনিংসে ৫৩ রানে ৫ উইকেট পাওয়া ওয়ারিকান দ্বিতীয় ইনিংসে নেন ৬৩ রানে ৪ উইকেট।

জবাবে নেমে মধ্যাহ্নবিরতির আগে বিনা উইকেটে ৮ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :