স্কুল-কলেজে ব্রেস্ট ক্যান্সার নিয়ে সচেতনতা কার্যক্রম চান চিফ হুইপ

আপলোড সময় : ৩১-১০-২০২৬ , আপডেট সময় : ৩১-১০-২০২৬ ০৭:১১:১৭ অপরাহ্ন

নারীর স্বাস্থ্য সুরক্ষায় শিক্ষাপ্রতিষ্ঠানসহ সমাজের সব স্তরে সচেতনতামূলক কার্যক্রম বাড়ানোর তাগিদ দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি। তাঁর মতে, ব্রেস্ট ক্যানসার ঠেকাতে জনসচেতনতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা আর শুরুতেই রোগ শনাক্ত করা জরুরি।

শুক্রবার রাজধানীর গুলশানের একটি হোটেলে ট্যালেন্ট শার্পনারের আয়োজনে ‘পিংক ওয়েলবিয়িং: আ জার্নি অব ব্রেস্ট ক্যান্সার’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘স্ট্রংগার টুগেদার ফর আ হেলদিয়ার টুমরো’ প্রতিপাদ্যে অনুষ্ঠানটি হয়।

চিফ হুইপ বলেন, এ দেশের মানুষই বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ, আর প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণকে দক্ষ, সুস্থ ও স্বাবলম্বী মানবসম্পদে পরিণত করার লক্ষ্যে কাজ করছেন। দেশের অর্ধেকের বেশি মানুষ নারী হওয়ায় সামগ্রিক উন্নয়নের জন্য তাঁদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ‘ব্রেস্ট ক্যান্সার ও সার্ভাইক্যাল ক্যান্সার নারীদের জন্য বড় স্বাস্থ্যঝুঁকি। নারী শিক্ষার্থী ও তরুণীদের প্রজনন স্বাস্থ্য, রোগের লক্ষণ ও প্রতিরোধ সম্পর্কে সচেতন করতে হবে। একই সঙ্গে স্বাস্থ্যবিষয়ক সামাজিক ট্যাবু ও সংকোচ দূর করতে হবে।’

সরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে এসব রোগ নিয়ে সচেতনতা কার্যক্রম নেওয়ার ওপর জোর দেন চিফ হুইপ। বিশেষজ্ঞদের কাছ থেকে সুনির্দিষ্ট প্রস্তাব ও কর্মপরিকল্পনা পেলে তা প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে তুলে ধরা হবে বলে জানান তিনি। শুরুতেই রোগ শনাক্ত, নিয়মিত পরীক্ষা ও সময়মতো চিকিৎসা নিতে নারীদের উৎসাহ দেওয়ার কথাও বলেন তিনি।

বিশেষজ্ঞ চিকিৎসকদের যুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যমে সহজবোধ্য ও নির্ভরযোগ্য স্বাস্থ্যতথ্য ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান চিফ হুইপ। তাঁর কথায়, মা সুস্থ থাকলে পরিবার ও সমাজও সুস্থ থাকে। তাই ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত ও সেরে ওঠা নারীদের পাশে থাকা সবার সামাজিক দায়িত্ব।

সংসদ সদস্য বিথিকা বিনতে হোসাইন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।

বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে আয়োজিত প্যানেল আলোচনায় ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ, শনাক্তকরণ, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, চিকিৎসা এবং রোগীদের কী করা উচিত, সেসব বিষয় উঠে আসে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :