নাটক ও চলচ্চিত্রে চরিত্রের জন্য উপযুক্ত অভিনয়শিল্পী নির্বাচনের ক্ষেত্রে অনেক সময় পরিচালকের স্বাধীনতা থাকে না। নায়ক কিংবা প্রযোজকের পছন্দ ও চাপে শেষ মুহূর্তে বদলে যায় কাস্টিং। এতে ক্ষতিগ্রস্ত হয় গল্প ও নির্মাণের মান। এমন মন্তব্য করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দেশের টেলিভিশন নাটকের নানা সীমাবদ্ধতা নিয়ে নিজের মতামত তুলে ধরেন ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত এই অভিনেত্রী। প্রতিবেশী দেশগুলোর নাটক নিয়ে নিয়মিত আলোচনা ও সমালোচনার উদাহরণ টেনে তিনি বলেন, সেখানে অভিনয়শিল্পীদের অভিনয়, উচ্চারণ, পরিচালনা এবং চিত্রনাট্যের দুর্বলতা নিয়ে খোলামেলা বিশ্লেষণ হয়। কে কেমন অভিনয় করেছেন, কোথায় পরিচালনার ঘাটতি রয়েছে কিংবা লেখক কী বোঝাতে চেয়েছেন—সব বিষয়ই আলোচনায় আসে।
পারসা ইভানার মতে, বাংলাদেশে টেলিভিশন নাটক নিয়ে এমন গঠনমূলক আলোচনা খুব একটা দেখা যায় না। অনেক সময় অভিনয়শিল্পীদের ভুল উচ্চারণ কিংবা অভিনয়ের দুর্বলতাও সংশোধনের উদ্যোগ নেওয়া হয় না। অথচ একটি ভালো নাটক নির্মাণের জন্য সঠিক অভিনয়শিল্পী নির্বাচন, চরিত্রের যথাযথ উপলব্ধি এবং পরিচালকের সুস্পষ্ট পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কাস্টিংয়ের ক্ষেত্রে নায়ক ও প্রযোজকদের প্রভাব নিয়েও প্রশ্ন তুলেছেন এই অভিনেত্রী। তাঁর ভাষ্য, লেখক একটি নির্দিষ্ট অভিনয়শিল্পীকে মাথায় রেখে চরিত্র তৈরি করলেও পরিচালক হয়তো অন্য কাউকে চাইছেন। আবার প্রযোজক নিজের পছন্দ অনুযায়ী অভিনয়শিল্পী নির্বাচন করতে চান। এমন পরিস্থিতিতে অনেক সময় নায়ক কিংবা প্রযোজকের চাপে শেষ মুহূর্তেও অভিনয়শিল্পী পরিবর্তন করতে হয়। এভাবে ভালো চলচ্চিত্র নির্মাণ সম্ভব নয় বলেও মনে করেন তিনি।
পারসা ইভানা আরও বলেন, ব্যক্তিগত পছন্দ কিংবা সুবিধার কথা না ভেবে নির্মাণের স্বার্থকে প্রাধান্য দেওয়া উচিত। চরিত্রের জন্য সঠিক মানুষ খুঁজে বের করা এবং অভিনয়শিল্পীর মাধ্যমে সেই চরিত্রকে পর্দায় জীবন্ত করে তোলাই নির্মাতাদের মূল দায়িত্ব।
তা না হলে অনেক সম্ভাবনাময় গল্পই নষ্ট হয়ে যাবে। বড় পর্দা কিংবা ছোট পর্দা—উভয় ক্ষেত্রেই বিষয়টি সমান গুরুত্বপূর্ণ।
এদিকে পারসা ইভানার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমের অনেক ব্যবহারকারী। তবে হঠাৎ কেন তিনি এমন মন্তব্য করলেন, সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। নিজের পেশাগত জীবনেও এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন কি না, তা নিয়েও তৈরি হয়েছে কৌতূহল।
ছোটপর্দার ব্যস্ত অভিনেত্রী পারসা ইভানা শাস্ত্রীয় নৃত্যশিল্পী হিসেবেও পরিচিত। ২০১৫ সালে অভিনয়জগতে পা রাখলেও ২০১৮ সাল থেকে নিয়মিত কাজ শুরু করেন তিনি। কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ ইভা চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান। এরপর বেশ কয়েকটি নাটক ও টেলিছবিতে অভিনয় করেছেন তিনি। ‘গুড বাজ’ ও ‘ব্যাড বাজ’ নাটকে জিয়াউল হক পলাশের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেও দর্শকের প্রশংসা পেয়েছেন। বর্তমানে ছোটপর্দায় নিয়মিত কাজ করছেন এই অভিনেত্রী।