শ্রুতিলেখক জটিলতা পেরিয়ে জিপিএ-৫, দৃষ্টি প্রতিবন্ধী মৌমিকে সাধুবাদ বাণিজ্যমন্ত্রীর

আপলোড সময় : ০৩-১১-২০২৬ , আপডেট সময় : ০৩-১১-২০২৬ ০৫:৪৬:৩৯ অপরাহ্ন

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন সিলেটের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি। দৃষ্টি প্রতিবন্ধকতা তাঁর স্বপ্নপূরণ আটকাতে পারেনি; অদম্য ইচ্ছাশক্তি, কঠোর অধ্যবসায় আর মনোবলের জোরেই এসেছে এ সাফল্য।

মৌমির বাড়ি মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর গ্রামে; বাবা আব্দুল আহাদ, মা আমিনা আক্তার পুষ্প। শিশু শ্রেণি থেকেই তাঁর পড়াশোনা সিলেটের গ্রিন ডিজ্যাবলড ফাউন্ডেশনে (জিডিএফ), যেখানকার আবাসিক শিক্ষার্থী তিনি।

তবে তাঁর শিক্ষাজীবন নানা বাধায় ভরা ছিল। এইচএসসির আগে শ্রুতিলেখক নিয়ে জটিলতা দেখা দেওয়ায় মৌমির পরীক্ষায় বসাই অনিশ্চিত হয়ে পড়েছিল। খবর পেয়ে সাহায্যের হাত বাড়ান সিলেট-১ আসনের সংসদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

মন্ত্রী বিষয়টি নিয়ে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করেন। পরে হাজী আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করা শিক্ষার্থী পল্লব দেবকে মৌমির শ্রুতিলেখক হিসেবে পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি দেওয়া হলে সেই অনিশ্চয়তা কেটে যায়।

প্রকাশিত ফলে জিপিএ-৫ পেয়ে মৌমি নিজের মেধা ও যোগ্যতার প্রমাণ দেন। তাঁর এ সাফল্য আবারও দেখিয়ে দিল, উপযুক্ত সুযোগ ও সহযোগিতা পেলে প্রতিবন্ধী শিক্ষার্থীরাও নিজেদের যোগ্যতা ও সামর্থ্যের সর্বোচ্চ বিকাশ ঘটাতে পারেন।

এমন অর্জনের জন্য মৌমিকে সাধুবাদ জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও সিলেট জেলা বিএনপি। ফল জানার পর মন্ত্রী ভিডিও কনফারেন্সে মৌমি ও জিডিএফ কর্তৃপক্ষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। মৌমির ভবিষ্যৎ পড়াশোনায় প্রয়োজনীয় সহযোগিতা এবং প্রতিষ্ঠানটির জন্য সরকারি সহায়তার আশ্বাসও দেন তিনি।

গত ১ নভেম্বর বাণিজ্যমন্ত্রীর পক্ষ থেকে সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলুর নেতৃত্বে জেলা বিএনপির একটি প্রতিনিধি দল শুভেচ্ছা জানাতে জিডিএফে যায়। দলের সদস্যরা সেখানে মৌমিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

মৌমির সাফল্যে সন্তোষ জানিয়েছেন জিডিএফের মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খানসহ প্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্টরা।

সচেতন নাগরিকেরা মনে করেন, মৌমির এ অর্জন শুধুই ব্যক্তিগত সাফল্য নয়; প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা, সমান সুযোগ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার ক্ষেত্রে এটি এক অনুপ্রেরণাদায়ক দৃষ্টান্ত। পরীক্ষায় বসার সংকট কাটাতে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সহযোগিতাও মানবিক দায়িত্ববোধের পরিচয় দেয় বলে তাঁদের মত। প্রতিবন্ধকতা জয় করে পাওয়া মৌমির এ সাফল্য আরও অনেক শিক্ষার্থীকে নতুন স্বপ্ন দেখাবে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :