ইউরোপের গ্যাস সংরক্ষণাগার ৭৫ শতাংশ পূর্ণ, ২০২৭ পর্যন্ত বাজারে চাপের শঙ্কা আইইএর

আপলোড সময় : ০৩-১১-২০২৬ , আপডেট সময় : ০৩-১১-২০২৬ ০৫:৪৯:৪৩ অপরাহ্ন

আন্তর্জাতিক গ্যাসবাজারে চাপ ২০২৭ সাল পর্যন্ত চলতে পারে বলে মঙ্গলবার সতর্ক করেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। কারণ, ২০১৩ সালের পর সবচেয়ে কম প্রাকৃতিক গ্যাসের মজুত নিয়ে শীত মৌসুমে ঢুকছে ইউরোপ।

সংস্থাটির তথ্য অনুযায়ী, অক্টোবর শেষে ইউরোপজুড়ে প্রাকৃতিক গ্যাসের সংরক্ষণাগারগুলো তাদের ধারণক্ষমতার ৭৫ শতাংশ পর্যন্ত ভরা ছিল, যা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বেঁধে দেওয়া ন্যূনতম ৮০ শতাংশ লক্ষ্যমাত্রার চেয়ে উল্লেখযোগ্য পরিমাণে কম। এক দশকেরও বেশি সময়ের মধ্যে এটিই মজুতের সর্বনিম্ন মাত্রা।

আইইএর ব্যাখ্যায় এর পেছনে কয়েকটি কারণ উঠে এসেছে। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে উপসাগরীয় অঞ্চলের প্রাকৃতিক গ্যাস তরলীকরণ স্থাপনাগুলোর ক্ষতি হয়েছে, পাশাপাশি হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহনও কমে গেছে। এর সঙ্গে বসন্তে শীতকালীন গ্যাস ব্যবহারের মৌসুম শেষে কমে যাওয়া মজুত আবার পূরণের চাপও রয়েছে ইউরোপের দেশগুলোর ওপর।

সংস্থাটি জানায়, দাম কমবে—এই আশায় ক্রেতারা শুরুতে মজুত বাড়ানোর কেনাকাটা স্থগিত রেখেছিলেন। পরে আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবরে সরবরাহ বাড়ানো হলেও আগের ঘাটতি মেটাতে তা যথেষ্ট হয়নি।

প্যারিস থেকে আইইএর বরাতে এএফপি জানায়, চলতি মৌসুমে ইউরোপের সংরক্ষণাগারগুলোতে গ্যাস ঢোকার পরিমাণ গত পাঁচ বছরের গড়ের চেয়ে প্রায় ৪ শতাংশ কম ছিল। তাই শীতে চাহিদা চূড়ায় পৌঁছালে বাড়তি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) জোগাড়ের ওপর ইউরোপীয় দেশগুলোর নির্ভরতা আরও বাড়বে।

আইইএর সতর্কবার্তা, শীত স্বাভাবিকের চেয়ে বেশি পড়লে, গ্যাস নেটওয়ার্কে কারিগরি সমস্যা দেখা দিলে বা সরবরাহে বিঘ্ন ঘটলে ইউরোপের দেশগুলোর ঝুঁকি আরও বাড়তে পারে।

অন্যদিকে, মজুতের লক্ষ্যমাত্রা পূরণ না হলেও শীত সামলানোর মতো পর্যাপ্ত গ্যাস থাকবে বলে সোমবার জানিয়েছে জার্মানি। দেশটির জ্বালানি অবকাঠামো ও বাজার তদারককারী ফেডারেল সংস্থার তথ্যমতে, জার্মানির গ্যাস সংরক্ষণাগারগুলো গড়ে ৬১ শতাংশ পূর্ণ রয়েছে।

১ নভেম্বরের মধ্যে মজুত ৭০ শতাংশে তোলার যে আইনগত লক্ষ্যমাত্রা রয়েছে, এ হার তার চেয়ে কম। গ্যাস মজুত পর্যবেক্ষণ প্ল্যাটফর্ম এজিএসআইয়ের তথ্য বলছে, ইউরোপীয় ইউনিয়নের গড় মজুতের হার প্রায় ৭৫ শতাংশ, যা থেকেও পিছিয়ে আছে জার্মানি।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :