ইংল্যান্ড সিরিজের দলে জায়গা হয়নি, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ম্যাক্সওয়েল

আপলোড সময় : ০৩-১১-২০২৬ , আপডেট সময় : ০৩-১১-২০২৬ ০৫:৫১:৪৫ অপরাহ্ন

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার ডান-হাতি ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দলে সুযোগ না পাওয়ার পরই এল এ ঘোষণা।

চলতি মাসে ঘরের মাঠে ইংল্যান্ডের সঙ্গে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য নির্বাচকেরা তারুণ্যনির্ভর দল সাজিয়েছেন, যেখানে ঠাঁই হয়নি ম্যাক্সওয়েলের। ‘ফাইনাল ওয়ার্ড’ পডকাস্টে অবসরের কথা জানিয়ে তিনি বলেন, ‘বিষয়টি কিছুটা দুঃখজনক, আবার অনেকটা অনিবার্যও ছিল। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি।’

নির্বাচকদের সঙ্গে আলাপের প্রসঙ্গে ম্যাক্সওয়েল জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ও পরে নির্বাচকদের সঙ্গে তাঁর বেশ কয়েকবার কথা হয়েছে। আলোচনাগুলো ছিল খোলামেলা, আর অস্ট্রেলিয়া দলের ম্যানেজমেন্টের দিক থেকে কোনো চাপ ছিল না বলে জানান তিনি।

তাঁর ভাষায়, ‘সামনে কয়েকটি সিরিজ ছিল যেখানে নির্বাচকরা ভবিষ্যতের দিকে নজর দিতে চেয়েছিল। যেমনটা আমরা বাংলাদেশের বিপক্ষে সিরিজে দেখেছি, অনেক নতুন খেলোয়াড় সুযোগ পেয়েছে এবং দারুণ পারফর্ম করেছে। বর্তমান দল নিয়ে তারা যে পথে যাচ্ছে, তা আমি পুরোপুরি বুঝতে পারছি।’

মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি খেলেই বিদায় বলার পরিকল্পনা ছিল ম্যাক্সওয়েলের। তিনি বলেন, ‘আমার মনে ক্ষীণ আশা ছিল, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (ইংল্যান্ডের বিপক্ষে) হয়তো বিদায়ী ম্যাচ খেলার সুযোগ পেতে পারি।’

দেশের হয়ে খেলার সুযোগ পাওয়ায় কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘২০০৯ সালের দিকে আমি যখন প্রথম ভিক্টোরিয়ার ড্রেসিংরুমে পা রেখেছিলাম, তখন যদি কেউ আমাকে এমন একটি ক্যারিয়ারের প্রস্তাব দিতো, তাহলে আমি তা লুফে নিতাম।’

৩৮ বছর বয়সী ম্যাক্সওয়েল ২০১৭ সালের পর আর টেস্ট খেলেননি। গত বছর ওয়ানডে থেকে অবসর নিলেও টি-টোয়েন্টির পথ খোলা রেখেছিলেন। গত ফেব্রুয়ারিতে শ্রীলংকায় অনুষ্ঠিত বিশ্বকাপের পর তিনি আর জাতীয় দলে খেলার সুযোগ পাননি; জুনে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দলেও তাঁকে বিবেচনায় নেননি নির্বাচকেরা।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৩০ ম্যাচে ১৫৪.৪২ স্ট্রাইক রেটে ২,৮৯৭ রান করেছেন ম্যাক্সওয়েল, যাতে রয়েছে ৫টি সেঞ্চুরি ও ১২টি হাফ-সেঞ্চুরি। দুই সাবেক ক্রিকেটার ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চের পর অস্ট্রেলিয়ার তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে ক্যারিয়ার শেষ করলেন ‘ম্যাক্সি’।

৭ টেস্টে এক সেঞ্চুরিসহ ৩৩৯ রান এবং ১৪৯ ওয়ানডেতে ৪টি শতক ও ২৩টি অর্ধশতকে ৩,৯৯০ রানও রয়েছে তাঁর নামের পাশে।

ভিক্টোরিয়ার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারেরও ইতি টেনেছেন ম্যাক্সওয়েল। তবে বিগ ব্যাশ লিগে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলা চালিয়ে যাবেন তিনি।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :