ইংরেজি ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ চালুর অনুমোদন পেল নওগাঁ বিশ্ববিদ্যালয়

আপলোড সময় : ০৬-১১-২০২৬ , আপডেট সময় : ০৬-১১-২০২৬ ০৪:৫৯:০৬ অপরাহ্ন

আরও দুটি বিভাগে শিক্ষা কার্যক্রম শুরুর অনুমোদন মিলেছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের।

নতুন অনুমোদন পাওয়া বিভাগ দুটি হলো কলা অনুষদের ইংরেজি বিভাগ এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ হাছানাত আলী জানান, গতকাল বুধবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ইন্সপেকশন ও মনিটরিং শাখা থেকে অনুমোদনটি আসে। কমিশনের পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট অনুবিভাগের অতিরিক্ত পরিচালক ড. মো. মহিবুল আহসানের স্বাক্ষর করা চিঠির ভিত্তিতে এ অনুমোদন দেওয়া হয়।

অনুমোদনের সঙ্গে কিছু শর্তও জুড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে নওগাঁ বিশ্ববিদ্যালয় আইন ২০২৩ মেনে শিক্ষার্থী ভর্তি ও একাডেমিক কার্যক্রম চালু করা এবং স্নাতক পর্যায়ে প্রতি শিক্ষাবর্ষে প্রতিটি বিভাগে সর্বোচ্চ ৪০ জন শিক্ষার্থী ভর্তি করা।

এ ছাড়া ইংরেজি এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পাঠ্যক্রম তৈরি করে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।

গ্রন্থাগারে বিষয়সংশ্লিষ্ট পর্যাপ্ত বই ও জার্নাল রাখতে হবে; পাশাপাশি ভবনে জরুরি নির্গমনের সুবিধা, জরুরি চিকিৎসাসহায়তা এবং বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলী বাসসকে বলেন, বিভাগ দুটির অনুমোদন দিতে গিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন যেসব শর্ত দিয়েছে, সেগুলো পূরণে এরই মধ্যে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিকে শিক্ষক ও কর্মকর্তাদের যাতায়াতের জন্য একটি মাইক্রোবাস এবং শিক্ষার্থীদের জন্য একটি বড় বাস ভাড়া নেওয়ার অনুমতি পেয়েছে নওগাঁ বিশ্ববিদ্যালয়, সঙ্গে এর জন্য অর্থও বরাদ্দ করা হয়েছে।

উপাচার্য ড. মোহাম্মদ হাছানাত আলী জানান, মাইক্রোবাস ও বড় বাস ভাড়ার দরপত্র প্রক্রিয়া এরই মধ্যে শেষ হয়েছে।

বিশ্ববিদ্যালয়টিতে আগে থেকেই হিসাববিজ্ঞান ও আইন বিভাগে পাঠদান চলছে। নতুন দুটি বিভাগে পাঠ্যক্রম চালু হলে মোট বিভাগের সংখ্যা হবে ৪টি।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :