কৃষির মাঠই তাঁদের শ্রেণিকক্ষ, আর কৃষক-কৃষাণীরাই শিক্ষার্থী। হাতে বই-খাতা, চোখেমুখে নতুন কিছু শেখার আগ্রহ। কেউ শিখছেন নিরাপদ খাদ্য উৎপাদনের কৌশল, কেউবা পুষ্টিবাগান গড়ে তোলার পদ্ধতি। আবার কেউ জানছেন অল্প খরচে বেশি ফলন পাওয়ার আধুনিক প্রযুক্তি। প্রচলিত শিক্ষাপ্রতিষ্ঠানের চার দেয়ালের বাইরে কৃষকদের এমন হাতে-কলমে শিক্ষা দেওয়ার ব্যতিক্রমী উদ্যোগের নাম ‘পার্টনার ফিল্ড স্কুল’। অভিজ্ঞতার সঙ্গে আধুনিক জ্ঞানের সমন্বয় ঘটিয়ে কৃষিকে আরও উৎপাদনশীল, পুষ্টিসমৃদ্ধ ও পরিবেশবান্ধব করে তোলাই এ উদ্যোগের লক্ষ্য।
ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের বানিয়াকান্দর গ্রামে সদর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে অংশ নিচ্ছেন বিভিন্ন বয়সী প্রান্তিক কৃষক-কৃষাণী ও কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা এবং বানিয়াকান্দর ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা শাহানারা খাতুন।