২৭ রানে ৬ উইকেট হেনরির, প্রথম ওভারেই শূন্যতে ফিরলেন রোহিত-কোহলি-শ্রেয়াস; ৮৯ রানে গুটিয়ে গেল ভারত

আপলোড সময় : ১৩-১১-২০২৬ , আপডেট সময় : ১৩-১১-২০২৬ ০৭:১৭:৪১ অপরাহ্ন

মাউন্ট মঙ্গানুইয়ে শুক্রবার চতুর্থ ওয়ানডেতে এলোমেলো ভারতকে ২৪৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড। ম্যাট হেনরির প্রথম ওভারেই রানের খাতা খোলার আগে সাজঘরে ফেরেন রোহিত শর্মা, বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ার।

ক্যারিয়ারসেরা বোলিংয়ে ২৭ রান খরচায় ৬ উইকেট নেন হেনরি; সেঞ্চুরি আসে উইল ইয়ংয়ের ব্যাট থেকে। এ জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে থাকা নিউজিল্যান্ডের সামনে শেষ ম্যাচে সিরিজে সমতা ফেরানোর সুযোগ তৈরি হয়েছে। সিরিজের শেষ ওয়ানডে রোববার।

টস হেরে আগে ব্যাট করা নিউজিল্যান্ড শেষ ওভারে ৩৩৩ রানে অলআউট হয়। ভারতীয় ফিল্ডারদের দুটি সহজ ক্যাচ ফসকানোর সুযোগ নিয়ে ক্যারিয়ারের পঞ্চম ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন ইয়ং। জবাবে ৩৩৪ রানের লক্ষ্যে নেমে হেনরির তোপে তছনছ হয়ে যায় ভারতের বহুল আলোচিত টপ অর্ডার। মাত্র ৮৯ রানেই গুটিয়ে যায় সফরকারীরা।

হেনরির ওই প্রথম ওভারের পর লক্ষ্য তাড়ার কোনো সুযোগই ছিল না ভারতের। প্রথম বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন রোহিত, চতুর্থ বলে বোল্ড কোহলি। এরপর শ্রেয়াসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন হেনরি। ইনিংস আর ঘুরে দাঁড়ায়নি; দলের সর্বোচ্চ ২৭ রান করেন ইশান কিষান।

নিজের অবিশ্বাস্য বোলিং নিয়ে হেনরি বলেন, ‘বেশ মজার ব্যাপার, তাই না? বাতাস বেশ জোরে বইছিল, তাই বিষয়গুলো সহজ রাখার ওপর গুরুত্ব দিয়েছিলাম।’

তিনি যোগ করেন, ‘ভাগ্যের সহায়তাও ছিল। যতটা সম্ভব সহজভাবে বলের সিমে আঘাত করার চেষ্টা করেছি। প্রথম ওভারে বল যখন এভাবে তীব্রভাবে সুইং করে, তখন ব্যাটসম্যানদের জন্য পরিস্থিতি বেশ কঠিন হয়ে যায়।’

গত সপ্তাহে অনুশীলনের সময় ডেভন কনওয়ের সঙ্গে মাথায় ধাক্কা লাগে হেনরির। কনওয়ে কনকাশনে আক্রান্ত হন, আর হেনরি খেলতে পারেননি প্রথম তিন ম্যাচে। এই ম্যাচ দিয়েই ব্ল্যাক ক্যাপসে ফিরলেন তিনি। ঘটনাটি নিয়ে হেনরি বলেন, ‘এটা মোটেও আদর্শ পরিস্থিতি ছিল না। তবে সৌভাগ্যবশত এখন আমরা দুজনই ভালো আছি।’

নিউজিল্যান্ডের বড় সংগ্রহের ভিত ছিল ইয়ংয়ের ১০৮ বলে ১২৫ রানের ইনিংস, যাতে ছিল ১৪টি চার ও চারটি ছক্কা।

টিম সেইফার্টকে নিয়ে উদ্বোধনী জুটিতে ৮৫ রান তোলেন ইয়ং। দ্বিতীয় ওভারে ব্যক্তিগত পাঁচ রানে পরপর দুই বলে দুবার বেঁচে যান তিনি—প্রথমবার স্লিপে রোহিত, পরেরবার উইকেটের পেছনে কিষান ক্যাচ ছাড়েন। অন্য প্রান্তে আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৩৯ বলে অর্ধশতক করেন সেইফার্ট।

সেইফার্ট ৫৮ রানে ফেরার পর বেশিক্ষণ টেকেননি নিক কেলি ও ডিন ফক্সক্রফট; দুজনই বেপরোয়া শট খেলতে গিয়ে উইকেট দেন।

এরপর ফিন অ্যালেনকে সঙ্গে নিয়ে মাত্র ৬৫ বলে ৯০ রানের জুটি গড়েন ইয়ং। ভারতের নিয়ন্ত্রণহীন বোলিংয়ের সুযোগ পুরোপুরি কাজে লাগান দুজন।

ইয়ংয়ের প্রথম অর্ধশতক আসে ৪৯ বলে। পরের ৫০ রান করতে তাঁর লাগে মাত্র ৩৯ বল। মাঝের ওভারগুলোতে নিয়মিত বাউন্ডারি মেরে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।

অ্যালেন ৩০ বলে ৪১ রান করেন; পাঁচটি চার ও দুটি ছক্কা ছিল তাঁর ইনিংসে।

বোলিং নিয়ে ভারতের অধিনায়ক শ্রেয়াস আইয়ার বলেন, ‘আমরা প্রায় সবকিছুই চেষ্টা করেছি। আমাদের মনে হয়েছিল, উইকেটে ব্যাটিং করা বেশ কঠিন। কয়েকটি ক্যাচ হাতছাড়া হয়েছে, তবে এমনটা হতেই পারে।’

ভারতের বোলারদের মধ্যে অক্ষর প্যাটেল ১০ ওভারে ৩৯ রানে নেন দুই উইকেট। আকিব নবী ৫৯ রানে এবং গুরনুর ব্রার ৬৯ রানে দুটি করে উইকেট পান।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :