মোঃ শরীফ হোসেন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : ইতিহাস, ঐতিহ্য আর মুসলিম স্থাপত্যশিল্পের অনন্য নিদর্শন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের গোয়ালদী শাহী মসজিদ। প্রায় ৫০৭ বছরের ইতিহাস-ঐতিহ্যের ধারক হয়ে কালের সাক্ষী হিসেবে আজও দাঁড়িয়ে আছে প্রাচীন এই স্থাপনা। সুলতানি আমলের নির্মাণশৈলী, পোড়ামাটির অলংকরণ ও নান্দনিক কারুকাজে সমৃদ্ধ মসজিদটি আজও আকৃষ্ট করছে ইতিহাসপ্রেমী, পর্যটক ও গবেষকদের। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগে সম্প্রতি মসজিদটির সংস্কারকাজ সম্পন্ন করা হয়েছে। সংস্কারের পর বর্তমানে ঐতিহাসিক এ স্থাপনাটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রয়েছে।
ঐতিহাসিক তথ্য অনুযায়ী, ১৫১৯ খ্রিষ্টাব্দে সুলতান আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলে মোল্লা হিজবার আকবর খান মসজিদটি নির্মাণ করেন। সেই হিসাবে ২০২৬ সালে মসজিদটির বয়স দাঁড়িয়েছে প্রায় ৫০৭ বছর। মসজিদের গায়ে থাকা শিলালিপিতে এর নির্মাণসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। মধ্যযুগীয় বাংলার মুসলিম স্থাপত্যের বিকাশ ও ধর্মীয় সংস্কৃতির ইতিহাসে এ মসজিদ বিশেষ তাৎপর্য বহন করে।
স্থাপত্যশৈলীর দিক থেকেও গোয়ালদী শাহী মসজিদ বেশ বৈশিষ্ট্যমণ্ডিত। ইটের তৈরি মসজিদটির দেয়াল, খিলান, গম্বুজ ও বিভিন্ন অলংকরণে সুলতানি আমলের নির্মাণরীতির পরিচয় পাওয়া যায়। বাইরের দেয়ালে পোড়ামাটির নকশা ও সূক্ষ্ম কারুকাজ প্রাচীন শিল্পীদের অসাধারণ নান্দনিক দক্ষতার পরিচয় বহন করে। আয়তনে খুব বড় না হলেও স্থাপনাটির প্রতিটি অংশে ফুটে উঠেছে কয়েক শতাব্দী আগের নির্মাণশৈলী ও শিল্পরুচির ছাপ।
একসময় সোনারগাঁ ছিল বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্র। বিভিন্ন শাসনামলে এ অঞ্চলে গড়ে উঠেছিল অসংখ্য মসজিদ, মাদ্রাসা ও ঐতিহাসিক স্থাপনা। গোয়ালদী শাহী মসজিদ সেই গৌরবময় অতীতেরই একটি গুরুত্বপূর্ণ স্মারক। এটি শুধু ধর্মীয় উপাসনালয় নয়, বরং বাংলার মধ্যযুগীয় ইতিহাস, শিল্পকলা ও স্থাপত্য ঐতিহ্যেরও এক মূল্যবান নিদর্শন।
বর্তমানে দেশের বিভিন্ন স্থান থেকে ইতিহাসপ্রেমী, পর্যটক, শিক্ষার্থী ও গবেষকেরা মসজিদটি দেখতে সোনারগাঁয়ে আসেন। বিশেষ করে প্রাচীন স্থাপত্য ও সোনারগাঁয়ের ইতিহাস সম্পর্কে জানতে আগ্রহীদের কাছে এটি অন্যতম আকর্ষণীয় স্থান। সংস্কারকাজ সম্পন্ন হওয়ার পর ঐতিহাসিক স্থাপনাটির সৌন্দর্য ও ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং দর্শনার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।
এ বিষয়ে পানামনগরীর সহকারী কাস্টোডিয়ান মো. তানজিলুর রহমান বলেন, “গোয়ালদী শাহী মসজিদ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন একটি ঐতিহাসিক স্থাপনা। মসজিদটির সংস্কারকাজ সম্প্রতি শেষ হয়েছে। বর্তমানে এটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।”
সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সোনারগাঁ শাখার সাধারণ সম্পাদক, লেখক ও সাংবাদিক মিজানুর রহমান বলেন, “সুলতানি আমলে নির্মিত পাঁচশত সাত বছরের প্রাচীন ঐতিহাসিক গোয়ালদী শাহী মসজিদ গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যের স্মৃতি বহন করে চলেছে। এই ঐতিহাসিক স্থাপনা শুধু একটি মসজিদ নয়, এটি আমাদের অতীতের এক মূল্যবান নিদর্শন। এর স্থাপত্যশৈলী সংরক্ষণ করা সরকারের পাশাপাশি আমাদের সবার দায়িত্ব।”
স্থানীয় বাসিন্দা মো. ইকবাল হোসেন বলেন, “প্রতিদিনই দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা গোয়ালদী শাহী মসজিদ দেখতে আসেন। প্রাচীন এই মসজিদটি দেখতে দূর-দূরান্ত থেকে মানুষের আগমন ঘটে। এটি সোনারগাঁয়ের ইতিহাস ও ঐতিহ্যের অন্যতম পরিচয় বহন করে।”
পাঁচ শতাধিক বছরের ইতিহাস ও ঐতিহ্য বুকে ধারণ করে গোয়ালদী শাহী মসজিদ আজও সোনারগাঁয়ের গৌরবের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। সময়ের পরিবর্তনে চারপাশের জনপদ ও পরিবেশে নানা পরিবর্তন এলেও এর ঐতিহাসিক গুরুত্ব ও স্থাপত্যসৌন্দর্য আজও অমলিন। নিয়মিত রক্ষণাবেক্ষণ, গবেষণা এবং ইতিহাসের প্রচারের মাধ্যমে এই মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শনকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরাই এখন সময়ের দাবি।