জিডিপির হিসাব নিয়ে পরিচালিত ফরেনসিক অডিটে অর্থনীতির সাতটি খাতে অতিমূল্যায়নের প্রমাণ মিলেছে। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের সময়ে পরিকল্পিতভাবে তথ্য-উপাত্তে কারসাজি করে ২০১৪-১৫ অর্থবছরের পর থেকে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ০.৮ থেকে ১.১৩ শতাংশ বেশি দেখানো হয়েছিল।
আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জিডিপি হিসাবের ওপর করা ফরেনসিক অডিট প্রতিবেদনের খসড়া নিয়ে একটি সেমিনার হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য তুলে ধরেন।
ড. তিতুমীরের ভাষ্য, উন্নয়নের অতিরঞ্জিত বয়ান দাঁড় করাতে বিগত সরকার পরিসংখ্যানকে রাজনৈতিক হাতিয়ার বানিয়েছিল। জাতীয় প্রতিষ্ঠানকে পরিকল্পিতভাবে দুর্বল করার প্রচেষ্টারই অংশ ছিল এটি। ফলে বাংলাদেশের পরিসংখ্যান কতটা বিশ্বাসযোগ্য ও মানসম্মত, তা নিয়ে আন্তর্জাতিক মহলেও প্রশ্ন উঠেছে।
তিনি জানান, দায়িত্ব নেওয়ার পরপরই পরিসংখ্যানের বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে সরকার ফরেনসিক অডিটের উদ্যোগ নেয়। রাজনৈতিক হস্তক্ষেপ এড়াতে তিনি নিজে বা সরকারের সংশ্লিষ্ট কেউ গবেষণার কাজে যুক্ত ছিলেন না। দুজন গবেষক আন্তর্জাতিকভাবে স্বীকৃত গবেষণাপদ্ধতি মেনে খসড়াটি তৈরি করেন; পরে ভিন্ন ভিন্ন মত ও পথের অর্থনীতিবিদ, পরিসংখ্যানবিদ ও গবেষকেরা মিলে তা পর্যালোচনা করেন। প্রতিবেদন চূড়ান্ত হওয়ার আগে বাংলাদেশ অর্থনীতি সমিতি ও বাংলাদেশ পরিসংখ্যান সমিতির মত জানতেই এই সেমিনারের আয়োজন।
অডিটের ফল ব্যাখ্যা করে উপদেষ্টা বলেন, ২০১৪-১৫ অর্থবছরের পর থেকে জিডিপির হিসাবে নানা অসংগতি ধরা পড়েছে। শিল্প খাতের ২২টি উপখাত খতিয়ে দেখে সাতটিতে তথ্য-উপাত্ত অতিমূল্যায়নের প্রমাণ পাওয়া গেছে। বিবিএসের নিজস্ব জরিপ ও নির্ভরযোগ্য তথ্যের বেলায় এমন প্রবণতা দেখা যায়নি। বাড়িয়ে দেখানোর ঝোঁক ছিল দ্বিতীয় পর্যায়ের তথ্য ও প্রশাসনিক উপাত্তনির্ভর ক্ষেত্রগুলোতে।
দৃষ্টান্ত দিতে গিয়ে তিনি জানান, আইবাস চালুর আগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্যে অসংগতি ছিল। সিমেন্ট উৎপাদনের পরিসংখ্যান মেলেনি সংশ্লিষ্ট খাতের মূল্য সংযোজনের হিসাবের সঙ্গে। পেট্রোলিয়াম খাতে আবার দেখা গেছে, এক সময় উৎপাদন উল্লেখযোগ্য হারে বাড়িয়ে দেখানোর পর তা হঠাৎ কমে গেছে। কোভিড-১৯ মহামারির মতো বিশেষ পরিস্থিতির প্রভাবসহ অস্বাভাবিক তথ্য-উপাত্ত গবেষকেরা বিশ্লেষণ থেকে বাদ রেখেছেন।
ড. তিতুমীর জানান, তৈরি পোশাক খাতে এমন অতিমূল্যায়নের প্রমাণ মেলেনি। এ খাতের তথ্য নির্ভরযোগ্য হওয়ায় উৎপাদন বা মূল্য সংযোজনের হিসাবে কৃত্রিম গরমিল সহজেই ধরা যায়। তাঁর মতে, তথ্য স্বাধীনভাবে যাচাইয়ের সুযোগ যেখানে কম, পরিকল্পিত কারসাজি হয়েছে সেখানেই।
রপ্তানির হিসাবেও গরমিলের কথা বলেন তিনি। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি), কাস্টমস ও বাংলাদেশ ব্যাংকের তথ্য এক নয়। তাই দায়িত্ব নেওয়ার সময়ই বর্তমান সরকার রপ্তানির হিসাবে বাংলাদেশ ব্যাংকের তথ্য ব্যবহারের সিদ্ধান্ত নেয়। সুপারিশ আসার অপেক্ষায় না থেকে তথ্য সংশোধন ও সঠিক তথ্য ব্যবহারের কাজ এরই মধ্যে শুরু হয়েছে।
পরিসংখ্যানের মান বাড়াতে নেওয়া পদক্ষেপের কথাও জানান উপদেষ্টা। তথ্য সংগ্রহ স্বচ্ছ রাখতে বিবিএস কম্পিউটার-অ্যাসিস্টেড পারসোনাল ইন্টারভিউয়িং (ক্যাপি) পদ্ধতি চালু করেছে। এতে জিও-কোডিং থাকায় তথ্য সংগ্রহকারীরা নির্ধারিত এলাকায় গিয়ে কাজ করছেন কি না, তা যাচাই করা যাবে। জিডিপির হিসাবে ব্যবহৃত প্রতিটি তথ্যের উৎস ও পদ্ধতি নতুন করে যাচাই, শিল্প খাতে নমুনা বাছাই ও তথ্য সংগ্রহের পদ্ধতিতে সংস্কার, আর উৎপাদনের প্রকৃত চিত্র বুঝতে বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারের মতো স্বাধীন সূচক কাজে লাগানোর উদ্যোগও চলছে।
এখন উৎপাদন ও ব্যয়ভিত্তিক পদ্ধতিতে জিডিপির হিসাব হয়। তিনি জানান, আয়ভিত্তিক পদ্ধতি চালুর বিষয়টিও সরকার ভেবে দেখছে। ইনপুট-আউটপুট টেবিল তৈরির জন্য একটি অভিন্ন টেমপ্লেট প্রণয়নের উদ্যোগও নেওয়া হবে।
জিডিপির হিসাব ত্রৈমাসিক ভিত্তিতে প্রকাশের পরিকল্পনা আছে বলেও জানান তিতুমীর। লক্ষ্য হলো দ্বিতীয় প্রান্তিকের মধ্যেই প্রথম প্রান্তিকের হিসাব প্রকাশ করা। কিন্তু তথ্য সংগ্রহ ও হিসাব পদ্ধতির সীমাবদ্ধতায় এখনো তা করা যাচ্ছে না। সে জন্য জরিপের মান আর তথ্য সংগ্রহের পদ্ধতি উন্নত করা জরুরি।
পরিসংখ্যান সবার জন্য খোলা রাখার ওপর জোর দেন তিনি। গবেষক ও সাধারণ মানুষ যাতে সহজে তথ্য পান, সে জন্য সরকার উন্মুক্ত তথ্যনীতি চালুর উদ্যোগ নিয়েছে, যার খসড়াও তৈরি হয়েছে। তাঁর মতে, জিডিপির হিসাব আরও নির্ভুল করতে তথ্যের উৎস ও পদ্ধতি উন্মুক্ত রাখা দরকার, যাতে গবেষকেরা তথ্য যাচাই করতে, প্রশ্ন তুলতে ও সংশোধনের পরামর্শ দিতে পারেন।
নির্ভরযোগ্য পরিসংখ্যান না থাকলে বাজেট প্রণয়ন, উন্নয়ন পরিকল্পনা গ্রহণ কিংবা সরকারের জবাবদিহি নিশ্চিত করা সম্ভব নয় বলে মনে করেন ড. তিতুমীর। তিনি বলেন, ‘আমরা এমন একটি পরিসংখ্যানব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে সরকার পরিবর্তন হলেও তথ্যের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতার পরিবর্তন হবে না। আমাদের কাছে জিডিপি শুধু একটি সংখ্যা নয়, রাজনৈতিক হাতিয়ারও নয়। জিডিপির সত্যতা খুবই গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের পরিসংখ্যান রাষ্ট্রের, কোনো ব্যক্তি বা সরকারের নয়। এটি জনগণের।’
অডিটের কাজে যুক্ত গবেষকদের প্রশংসাও করেন উপদেষ্টা। তিনি জানান, কোনো সম্মানী না নিয়েই তারা দিনরাত খেটে গুরুত্বপূর্ণ কাজটি শেষ করেছেন। পরিসংখ্যানের বিশ্বাসযোগ্যতা ফেরাতে সরকার তাদের পাশে আছে।
সম্মানিত অতিথি বাংলাদেশ অর্থনীতি সমিতির আহ্বায়ক ও জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ বলেন, জিডিপির হিসাব নির্ভরযোগ্য করতে হলে মাঠপর্যায়ে বিবিএসের তথ্য সংগ্রহের সক্ষমতা বাড়াতে হবে। কৃষি ও অনানুষ্ঠানিক খাতের প্রকৃত অবদান বের করতে আরও নিবিড়ভাবে তথ্য সংগ্রহ আর বৈজ্ঞানিক পদ্ধতিতে নমুনা বাছাই জরুরি বলে মত দেন তিনি। জিডিপির হিসাব প্রণয়নে জাতিসংঘের জাতীয় হিসাবব্যবস্থা অনুসরণ এবং জাতীয় ইনপুট-আউটপুট ম্যাট্রিক্স তৈরির সুপারিশও করেন এই অর্থনীতিবিদ।
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ সরকার সেমিনারে সভাপতিত্ব করেন, স্বাগত বক্তব্যও দেন তিনি। বাংলাদেশ পরিসংখ্যান সমিতির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ শাহাদাত হোসেন বক্তব্য রাখেন। সবাইকে ধন্যবাদ জানান বিবিএসের মহাপরিচালক মো. শামীমুল হক।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন দুজন—বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক ড. এ কে এনামুল হক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও বিআইডিএসের গবেষণা পরিচালক ড. অতনু রব্বানী। উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব সঞ্চালনা করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম সচিব ড. দিপংকর রায়।