রামপালে চাঁদাবাজি ও ঘের দখলের অভিযোগে বিএনপি নেতার পদত্যাগ দাবী, মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত

আপলোড সময় : ১৫-১১-২০২৬ , আপডেট সময় : ১৫-১১-২০২৬


কামরুজ্জামান শিমুল, বাগেরহাট : বাগেরহাটের রামপাল উপজেলার ভোজপাতিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আল-আমিনের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার (১৪ নভেম্বর) সকালে ভোজপাতিয়া ইউনিয়নের বেতকাটা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আল-আমিন ও তাঁর অনুসারীরা এলাকায় চাঁদাবাজি, ঘের দখল, লুটপাট, মারধর ও বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছেন। এসব কর্মকাণ্ডের কারণে অনেক মানুষ এলাকাছাড়া হয়েছেন। এমনকি তাঁর নির্যাতন থেকে স্থানীয় সংখ্যালঘু নারীরাও রেহাই পাননি বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

তাঁদের দাবী, এলাকায় মাছের ঘের পরিচালনা কিংবা দখল নিতে হলে আল-আমিনকে চাঁদা দিতে হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নেমে আসে নির্যাতন ও হয়রানি। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত, দখল করা ঘের প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া, অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ইউনিয়ন বিএনপির সভাপতির পদ থেকে আল-আমিনের পদত্যাগ দাবি করেন তাঁরা।

বিক্ষোভকারীরা এ বিষয়ে স্থানীয় মন্ত্রী ও সংসদ সদস্য লায়ন ড. ফরিদুল ইসলামের হস্তক্ষেপ কামনা করেন।
এদিকে, স্থানীয় বিএনপির একাধিক নেতা অভিযোগ করেন, আল-আমিনের কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তাঁর বিরুদ্ধে ওঠা নানা অভিযোগের কারণে অনেক পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত কেউ বিএনপির নেতৃত্বে থাকতে পারেন না বলেও মন্তব্য করেন তাঁরা। আল-আমিনের পদত্যাগ দাবি করে তাঁরা বলেন, তাঁর একটি অনুসারী বাহিনী রয়েছে, যারা এলাকায় চাঁদাবাজি ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে বলে অভিযোগ রয়েছে। মানববন্ধন ও বিক্ষোভে ভুক্তভোগীসহ সহস্রাধিক মানুষ অংশ গ্রহণ করেন।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :