ভুট্টার খোসায় নান্দনিক পণ্য

রংপুরে প্রান্তিক নারীদের তৈরি পণ্যে বৈদিক মুদ্রা আয়

আপলোড সময় : ১৫-১১-২০২৬ , আপডেট সময় : ১৫-১১-২০২৬

শাহিনুরা আক্তার, রংপুর : রংপুরের মিঠাপুকুরে ফেলে দেওয়া ভুট্টার খোসা দিয়ে তৈরি হচ্ছে ফুলদানি, ব্যাগ, ঝুড়ি, ট্রে, টেবিল ম্যাটসহ দুই শতাধিক নান্দনিক ও পরিবেশবান্ধব পণ্য। আর এসব পণ্য তৈরির মাধ্যমে বদলে যাচ্ছে গ্রামীণ নারীদের জীবন চিত্র।

অথচ,যে ভুট্টার খোসা একসময় ফেলে দেওয়া হতো কিংবা জ্বালানি হিসেবে ব্যবহার করতেন কৃষকরা, সেই খোসাই এখন হয়ে উঠেছে আয়ের নতুন উৎস।
সংসারের কাজের ফাঁকে হস্তশিল্প তৈরি করে কেউ মেটাচ্ছেন সংসারের খরচ, কেউ চালাচ্ছেন সন্তানের পড়াশোনা, আবার কেউ হচ্ছেন স্বাবলম্বী। একই সঙ্গে ফেলনা খোসা বিক্রি করে বাড়তি আয় করছেন কৃষকরাও। এভাবে কৃষিবর্জ্যকে সম্পদে রূপ দিয়ে গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করছেন এখানকার নারীরা।

মিঠাপুকুর উপজেলার রাণীপুকুর ইউপির বলদিপুকুর ও এর আশপাশের এলাকায় এই সম্ভাবনাময় হস্তশিল্পের হাত ধরে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন বুনছেন বেশ কিছু নারী। স্থানীয় নারীদের সুনিপুণ ও উদ্ভাবনী চিন্তায় ভুট্টার খোসা থেকে তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের দুই শতাধিকের বেশি আকর্ষণীয় ও পরিবেশবান্ধব পণ্য। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- ফুলদানি, হ্যান্ডব্যাগ, কাপড় রাখার ঝুড়ি, ট্রে, কিচেন বাস্কেট, কলমদানি, টেবিল ম্যাট, টিস্যু বক্স ও জুয়েলারি বক্স।

বৈচিত্র্যময় পণ্য উৎপাদন, নারীদের কর্মসংস্থান, কৃষকদের বাড়তি আয় এবং রপ্তানির সম্ভাবনাকে ঘিরে অন্য যেকোনো সময়ের চেয়ে এখন ভুট্টার খোসার কদর অনেক বেশি। উদ্যোক্তারা বলছেন, দেশের অন্যান্য অঞ্চলের মতো রংপুরেও এই হস্তশিল্পের প্রসার ও বিকাশে সরকারি এবং বেসরকারি পৃষ্টপোষকতা বাড়ানো গেলে গ্রামীণ অর্থনীতিতে এক নতুন দিগন্তের সূচনা সম্ভব হবে।

এ কাজে সাঁওতাল নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চোখে পড়ার মতো। অনেকেই এই উদ্যোগে যুক্ত হয়ে নিজেদের ভাগ্য পরিবর্তন করছেন। তাদেরই একজন আদুরী ঋষি। তার স্বামী দিনমজুর হওয়ায় অভাবের সংসার। এই কাজ শিখে অবসর সময়ে জিনিসপত্র তৈরি করে তিনি কিছুটা আর্থিক স্বাচ্ছন্দ্য এনেছেন সংসারে।

সেই সাথে মাহফুজা বেগম জানালেন, তিনি ভুট্টার খোসা দিয়ে হস্তশিল্পের বিভিন্ন পণ্য তৈরির প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এখন খোসার তৈরি পণ্য বিক্রি করে  নিজেরাই স্বাবলম্বী। এই কাজ করে যে আয় করেন, তা দিয়ে দিব্যি সংসারের খরচ যোগান দিতে পারছেন।

দক্ষিণ মমিনপুর এলাকার রিনা মিনজি বলেন, আমরা সাধারণত রাতে এই কাজ করি। দিনের বেলায় স্বামী-সন্তান ও পরিবারের কাজ করি। রাতে অবসরে নিজের ঘরে বসে কাজ করি। এই কাজ থেকে যে টাকা পাই, তা দিয়ে ছেলে-মেয়েদের পড়াশোনার খরচ চালাই। পাশাপাশি সংসারের খরচও মেটাতে পারি।

একই এলাকার বুল্লি টপ্পো পায়রাবন্দ ডিগ্রি কলেজের শিক্ষার্থী। তিনি বলেন, আগে পড়াশোনার খরচের জন্য পরিবারের ওপর নির্ভর করতে হতো। এখন এই কাজ করে নিজের পড়াশোনার খরচ নিজেই চালাতে পারি। পরিবারের কাছ থেকে আর টাকা নিতে হয় না।

কৃষকরা বিঘাপ্রতি প্রায় ১ হাজার ২০০ টাকায় ভুট্টার খোসা বিক্রি করছেন। ভুট্টাচাষি শাহ শাহেদ ও মোজাম্মেল হকের মতে, এই খোসা বিক্রির অর্থ দিয়েই চাষাবাদের খরচ কিংবা গাছ থেকে ভুট্টা তোলার শ্রমিক খরচ সহজে উঠে আসছে।

ভুট্টাচাষি আবু রায়হান জানান, আগে খড়কুটোর মতো করেই ভুট্টার খোসা ব্যবহার করতেন। কিন্তু এখন তার পরিবার ভুট্টার খোসা যত্ন করে বস্তায় ভরে রাখেন। ভুট্টার মৌসুম ছাড়াও অন্য সময়েও খোসা বিক্রি করে তিনি বাড়তি আয় করছেন।

উদ্যোক্তারা জানান, উত্তরাঞ্চল জুড়ে বিস্তৃত হবে এই শিল্প। আন্তর্জাতিক বাজারে পরিবেশবান্ধব এসব পণ্যের বিপুল চাহিদা রয়েছে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই শিল্প বিদেশে রপ্তানি করে দেশের অর্থনীতিতে বড় অবদান রাখতে পারে। প্রতিদিন মানুষ একটি ক্রেডিট কার্ডের সমপরিমাণ মাইক্রো প্লাস্টিক খেয়ে থাকে। তাই পরিবেশবান্ধব পণ্য তৈরির ভাবনা থেকে এই উদ্যোগ। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এ উদ্যোগকে আরও বড় পরিসরে ছড়িয়ে দেওয়া সম্ভব।

রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান জামান,এই উদ্যোগক অত্যন্ত প্রশংসনীয়। উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতার করা হবে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :