​পটুয়াখালীতে পিকআপ-তেলের ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

আপলোড সময় : ১৫-১১-২০২৬ , আপডেট সময় : ১৫-১১-২০২৬

এম এ বাশার, পটুয়াখালী: পটুয়াখালী সদর উপজেলার পটুয়াখালী সেতুর ঢালে একটি পিকআপ ভ্যান ও তেলের ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে চান মিয়া (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। রোববার (১৫ নভেম্বর) ভোরে ফজরের নামাজের পর এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত চান মিয়া পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের কাজিবাড়ি এলাকার আজাহার কাজির ছেলে। আহত ব্যক্তিরা হলেন হারুন মোল্লা ও তাঁর স্ত্রী মরিয়ম বেগম।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, ফজরের নামাজের পর হঠাৎ একটি বিকট শব্দ শুনে স্থানীয়রা ঘর থেকে বের হয়ে সড়কে আসেন। এ সময় তাঁরা পিকআপ ভ্যান ও তেলের ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ দেখতে পান। সংঘর্ষের তীব্রতায় গাড়ি দুটি দুমড়েমুচড়ে যায় এবং পিকআপটির চালক ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা এগিয়ে এসে আহত দুজনকে উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে পাঠান।

জানা গেছে, বাসাবাড়ির মালামাল নিয়ে ঢাকা থেকে পটুয়াখালীতে আসছিলেন হারুন মোল্লা ও তাঁর স্ত্রী মরিয়ম বেগম। পথিমধ্যে পটুয়াখালী সেতুর ঢালে পৌঁছালে তাঁদের বহনকারী পিকআপটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা তেলের ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তাঁরা দুজনেই গুরুতর আহত হন। পটুয়াখালী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অপরদিকে, নিহত চান মিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পটুয়াখালী হাইওয়ে পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে নিকটবর্তী একটি ফিলিং স্টেশনে রাখা হয়েছে। নিহত ও আহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে; তাঁরা বর্তমানে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :