শিক্ষার্থীদের ডিজিটাল ও কমিউনিকেশন দক্ষতায় জোর দিতে বললেন রাষ্ট্রপতি

আপলোড সময় : ১৫-১১-২০২৬ , আপডেট সময় : ১৫-১১-২০২৬

শিক্ষার্থীদের ডিজিটাল প্রযুক্তি ও কমিউনিকেশনসহ প্রয়োজনীয় দক্ষতা গড়ে তোলায় গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষা কার্যক্রম চালাতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশ-বিদেশের চাকরির বাজারের চাহিদা মেনে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষার মান ও দক্ষতা আরও বাড়ানোর আহ্বানও জানান তিনি।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) উপাচার্য (ভিসি) মেজর জেনারেল মো. মাহবুব-উল-আলম আজ বঙ্গভবনে সৌজন্য সাক্ষাতে গেলে রাষ্ট্রপতি এসব কথা বলেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে বিষয়টি জানিয়েছেন।

সাক্ষাতে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রমের কথা রাষ্ট্রপতিকে জানান। তিনি বলেন, চাকরির বাজারের চাহিদা মাথায় রেখে বিশ্ববিদ্যালয়টিতে এখন সাইবার সিকিউরিটি, ন্যানো টেকনোলজি, ডেটা সায়েন্সসহ নানা বিষয় পড়ানো হচ্ছে। দেশীয় ও আন্তর্জাতিক চাকরির বাজারের প্রয়োজন বিবেচনায় শিক্ষার্থীদের কমিউনিকেশন স্কিলসহ জরুরি দক্ষতা বাড়ানোয় জোর দিয়েই শিক্ষা কার্যক্রম চলছে বলেও জানান উপাচার্য।

আসন্ন সমাবর্তনে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান বিইউপির উপাচার্য। রাষ্ট্রপতি আমন্ত্রণটি গ্রহণ করে অনুষ্ঠানে থাকার আশ্বাস দেন।

রাষ্ট্রপতির সামরিক সচিব, প্রেস সচিব ও বঙ্গভবনের কর্মকর্তারা এ সময় সেখানে ছিলেন।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :