২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে রাজনৈতিক কার্যক্রম শুরু করা তুরস্কের নতুন একটি বিরোধী দলে যোগ দিয়েছেন দেশটির কারা কর্তৃপক্ষের হাতে বন্দি সাতজন মেয়র। শনিবার দলটির প্রতিষ্ঠাতা সম্মেলন হয়। বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ওজগুর ওজেল চলতি বছরের জুলাইয়ে ‘ইয়েনি পার্টি’ (নিউ পার্টি বা নতুন দল) গড়েন। তার দুই মাস আগে আদালতের এক রায়ে তাঁকে তৎকালীন প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। পরে সিএইচপির কয়েক ডজন সংসদ সদস্য ওজেলের সঙ্গে যোগ দিলে নতুন দলটিই তুরস্কের প্রধান বিরোধী রাজনৈতিক দল হয়ে ওঠে।
প্রতিষ্ঠাতা সম্মেলনে সাত মেয়রের একটি চিঠি পড়ে শোনান ওজেল। এই মেয়রদের ছয়জনই ইস্তাম্বুলের বিভিন্ন জেলার। ওই চিঠিতেই তাঁরা নতুন দলে যোগ দেওয়ার ঘোষণা দেন।
মেয়ররা চিঠিতে লেখেন, ‘জনগণ ভোটের মাধ্যমে আমাদের যে দায়িত্ব ও ক্ষমতা দিয়েছিল, রাজনৈতিক হস্তক্ষেপের কাছে তা সমর্পণ না করায় আমাদের কারাবন্দি করা হয়েছে।’ রাজনৈতিক নিপীড়নের মধ্যেও ওজেলের দলে যোগ দিয়ে রাজনৈতিক সংগ্রাম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তাঁরা।
তুরস্কে বিরোধী দলগুলো এখন ক্রমবর্ধমান দমন-পীড়নের মুখে। মেয়র ও নির্বাচিত জনপ্রতিনিধিদের লক্ষ্য করে একের পর এক গ্রেফতার ও মামলা চলছে। বিরোধীদের অভিযোগ, এসব পদক্ষেপ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
২০২৪ সালের মার্চের স্থানীয় নির্বাচনে ওজেলের তৎকালীন নেতৃত্বে সিএইচপি বড় জয় পায়, হারায় ক্ষমতাসীন একে পার্টিকে। অভিযোগ রয়েছে, এর পর থেকেই বিরোধীদের ওপর দমন-পীড়ন বেড়েছে।
‘পচন ধরা ও জরাজীর্ণ’ শাসনব্যবস্থা
গ্রেফতার হওয়াদের মধ্যে ২৯ জন মেয়র। তাঁদের একজন ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলু, যাঁকে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের অন্যতম প্রধান নির্বাচনী প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হয়।
দলীয় সম্মেলনে ওজেল বলেন, ‘তুরস্কের বিভিন্ন কারাগারে আমাদের নির্বাচিত মেয়র, কাউন্সিল সদস্য, সরকারি কর্মকর্তা এবং অসংখ্য ভাই-বোন বন্দি রয়েছেন।’ তাঁর আরেকটি মন্তব্য, ‘যারা ব্যালটের মাধ্যমে পরাজিত হয়েছে, তারা জনগণের রায়কে অসম্মান করেছে।’
ওজেলের অভিযোগ, রাজনৈতিক প্রতিযোগিতায় বিরোধীদের মোকাবিলার বদলে তাদের ওপর হামলা, ভয়ভীতি দেখানো আর রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করা হয়েছে। তবু দৃঢ় প্রত্যয় নিয়ে তিনি বলেন, ‘কোনো অন্যায়ের বিচারহীনতা থাকবে না। কোনো কষ্ট, কোনো বেদনা বৃথা যাবে না।’
দলের অগ্রাধিকার
নিজের দলের রাজনৈতিক অগ্রাধিকারগুলোও সম্মেলনে তুলে ধরেন ওজেল। তাঁর বক্তব্যে অনেকটা নির্বাচনী ইশতেহারের ছাপ ছিল। সরকারি প্রতিষ্ঠানের সুরক্ষা, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং আবাসন খাতে নতুন নীতিমালা তৈরি দলটির প্রধান অগ্রাধিকারের মধ্যে রয়েছে।
তুরস্কের বর্তমান শাসনব্যবস্থাকে ‘পচন ধরা, জরাজীর্ণ ও অহংকারী শাসনব্যবস্থা’ আখ্যা দিয়ে সমালোচনা করেন তিনি। তাঁর দাবি, এই শাসনের পতন এখন কেবল সময়ের ব্যাপার।
ওজেল বলেন, ‘এরদোয়ান পুরোনো ব্যবস্থার প্রতিনিধি। পুরোনোকে বিদায় নিতে হবে, পরিবর্তন আনতে হবে। যিনি ক্লান্ত, তাঁর সরে দাঁড়ানো উচিত।’
৭২ বছর বয়সী এরদোগান ২০০৩ সাল থেকে তুরস্কের ক্ষমতায়—প্রথমে প্রধানমন্ত্রী, পরে প্রেসিডেন্ট হিসেবে। ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও প্রার্থী হতে চান বলে জানিয়েছেন তিনি।