চীনা বিনিয়োগকারীদের জন্য গুয়াংজুতে যোগাযোগকেন্দ্র খুলল ইনভেস্ট বাংলাদেশ, বিদেশে এটিই প্রথম

আপলোড সময় : ১৫-১১-২০২৬ , আপডেট সময় : ১৫-১১-২০২৬

বাংলাদেশে বিনিয়োগের সুযোগ, প্রয়োজনীয় বিধিবিধান আর সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ—এসব বিষয়ে তথ্য ও পরামর্শ এখন চীনের গুয়াংজু থেকেই পাবেন চীনা বিনিয়োগকারীরা। সেখানে প্রথম বিদেশি প্রতিনিধি কার্যালয় চালু করেছে ইনভেস্ট বাংলাদেশ, যা চীনা বিনিয়োগকারীদের স্থানীয় যোগাযোগকেন্দ্র হিসেবে কাজ করবে।

বিদেশি বিনিয়োগ টানতে আন্তর্জাতিক বাজারে উপস্থিতি বাড়ানোর উদ্যোগের অংশ এই কার্যালয়। ইনভেস্ট বাংলাদেশ আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চে ঘোষিত ১৮০ দিনের বিনিয়োগ কর্মপরিকল্পনার অংশ হিসেবে চীনে প্রতিনিধি কার্যালয় খোলার উদ্যোগ নেওয়া হয়েছিল। গুয়াংজুর অভিজ্ঞতা ও অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে বিদেশি বিনিয়োগের জন্য গুরুত্বপূর্ণ অন্য বাজারগুলোতেও ধাপে ধাপে উপস্থিতি বাড়ানোর পরিকল্পনা রয়েছে সংস্থাটির।

ইনভেস্ট বাংলাদেশের ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট বিভাগের প্রধান নাহিয়ান রহমান রচির ভাষ্য, সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ গড়া এবং বিনিয়োগ প্রক্রিয়ায় দরকারি সহায়তা দেওয়াই উদ্যোগটির মূল লক্ষ্য। গুয়াংজু শিল্পাঞ্চলের সমৃদ্ধ শিল্পভিত্তি ও বিস্তৃত উৎপাদন খাতের কারণেই প্রথম বিদেশি কার্যালয়ের জন্য শহরটি বেছে নেওয়া হয়েছে।

তিনি জানান, চীন ও বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশ সম্পর্কে অভিজ্ঞ চীনা পেশাজীবীদের কার্যালয়টিতে যুক্ত করা হয়েছে। বিনিয়োগকারীদের প্রাথমিক আগ্রহকে বাস্তব বিনিয়োগ প্রকল্পে রূপ দেওয়ার প্রক্রিয়া সহজ করতে তাঁরা সহায়তা করবেন।

গুয়াংজু কার্যালয়ে বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ ও বিনিয়োগ সহায়তার দায়িত্বে আছেন দুজন—চিফ রিপ্রেজেন্টেটিভ ও বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মে ঝৌ এবং রিপ্রেজেন্টেটিভ ও বিজনেস ডেভেলপমেন্ট অ্যানালিস্ট ইয়াং ওয়েনচুয়াং।

চীন-বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতায় মে ঝৌয়ের অভিজ্ঞতা এক দশকেরও বেশি। এর আগে চাইনিজ এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের নির্বাহী সচিবের দায়িত্বে ছিলেন তিনি।

দুই দেশের ব্যবসায়িক সহযোগিতায় ইয়াং ওয়েনচুয়াংয়েরও ১০ বছরের বেশি অভিজ্ঞতা আছে। বাংলাদেশে চীনের একটি বড় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন তিনি। চীনের একজন আইনজীবী হিসেবে বিনিয়োগসংক্রান্ত বিধিবিধান ও বাণিজ্যিক আলোচনাতেও তাঁর অভিজ্ঞতা রয়েছে।

চীনা বিনিয়োগকারীদের সঙ্গে সম্পর্ক মজবুত করতে বিনিয়োগ রোডশো, ব্যবসায়িক ফোরাম ও নানা প্রাতিষ্ঠানিক অংশীদারত্বের মাধ্যমে আগে থেকেই কাজ করছে ইনভেস্ট বাংলাদেশ। গুয়াংজু কার্যালয় এই উদ্যোগগুলোকে আরও এগিয়ে নেবে; চীনা বিনিয়োগকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং বিনিয়োগের আগ্রহকে বাস্তব প্রকল্পে পরিণত করায় জোর দেওয়া হবে।

বাংলাদেশে বিদেশি বিনিয়োগের প্রধান উৎসগুলোর একটি চীন। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) জরিপ বলছে, ২০২৫ সালে বাংলাদেশে নিট এফডিআইয়ের দ্বিতীয় বৃহত্তম উৎস ছিল চীন। ওই বছর দেশটি থেকে নিট এফডিআই এসেছে ৩২ কোটি ১১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, যা মোট নিট এফডিআইয়ের ১৮ দশমিক ১৩ শতাংশ।

নতুন বিনিয়োগের সুযোগ তৈরি এবং সম্ভাব্য চীনা বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সহায়তার মধ্য দিয়ে দুই দেশের বিনিয়োগ সম্পর্ক জোরদারে ভূমিকা রাখবে গুয়াংজু প্রতিনিধি কার্যালয়।

গুয়াংজু প্রতিনিধি কার্যালয়ের ঠিকানা: ইউনিট ২৪০৭, জিয়ানহে সেন্টার, ১১১-১১৩ তিয়ু ওয়েস্ট রোড, তিয়ানহে জেলা, গুয়াংজু, গুয়াংডং প্রদেশ, চীন। বিস্তারিত তথ্য মিলবে ইনভেস্ট বাংলাদেশের ওয়েবসাইটে (investbangladesh.gov.bd/china-office)।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :