যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে ডেমোক্র্যাটিক শিবিরে নতুন রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। ২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজকে (এওসি) প্রার্থী হিসেবে দেখতে চায় ডেমোক্র্যাটিক সোশ্যালিস্টস অব আমেরিকার (ডিএসএ) নিউ ইয়র্ক সিটি শাখা। এ লক্ষ্যে সংগঠনটির বার্ষিক সম্মেলনে তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস হয়েছে।
স্থানীয় সময় শনিবার (১৪ নভেম্বর) অনুষ্ঠিত সম্মেলনে প্রস্তাবটির পক্ষে ২৯১টি এবং বিপক্ষে ১২৩টি ভোট পড়ে। তবে এটি ডিএসএর আনুষ্ঠানিক চূড়ান্ত মনোনয়ন নয়। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে সম্ভাব্য প্রার্থিতা ঘিরে জনমত তৈরি এবং নির্বাচনি প্রচারণার প্রস্তুতি শুরুর ইঙ্গিত দিয়েছে সংগঠনটির নিউ ইয়র্ক শাখা।
এ বিষয়ে রবিবার (১৫ নভেম্বর) এক সাক্ষাৎকারে নিউ ইয়র্ক ডিএসএর কো-চেয়ার গুস্তাভো গর্ডিলিও বলেন, যুক্তরাষ্ট্র যদি ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচিত করতে পারে, তাহলে ডেমোক্র্যাটিক সোশ্যালিস্টদেরও নির্বাচিত করার সুযোগ রয়েছে বলে তিনি বিশ্বাস করেন।
সম্প্রতি অনুষ্ঠিত মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডিএসএ-সমর্থিত প্রার্থীদের সাফল্যের পর সংগঠনটির এই সম্মেলন অনুষ্ঠিত হলো। এবারের নির্বাচনে রেকর্ড আটজন ডিএসএ-সমর্থিত প্রার্থী জয়ী হয়েছেন। তারা আগামী জানুয়ারি থেকে কংগ্রেসে দায়িত্ব পালন শুরু করবেন।
‘এওসি’ নামে পরিচিত ওকাসিও-কর্টেজ নিউ ইয়র্কের ১৪তম কংগ্রেসনাল জেলার ডেমোক্র্যাটিক প্রতিনিধি। তিনি দীর্ঘদিন ধরে নিউ ইয়র্ক ডিএসএর সদস্য। প্রায় ১৫ হাজার সদস্যের এই প্রভাবশালী সংগঠনটি ২০১৮ সাল থেকে তার প্রতিটি কংগ্রেসনাল নির্বাচনে সমর্থন দিয়ে আসছে। এ ছাড়া গত বছর নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনেও জোহরান মামদানির পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল সংগঠনটি।
নিউ ইয়র্ক ডিএসএর আরেক কো-চেয়ার গ্রেস মসার বলেন, বর্তমানে সিটি হলে তাদের সমর্থিত মেয়র রয়েছেন এবং শহরে তিনজন সমাজতান্ত্রিক নেতা নির্বাচিত হয়েছেন। রাজনীতিবিদরা ব্যক্তিগতভাবে ডিএসএ সম্পর্কে যা-ই ভাবুন না কেন, সংগঠনটির অবস্থান ও কর্মকাণ্ড তাদের গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হচ্ছে। তার মতে, শহর, রাজ্য ও জাতীয় পর্যায়ে ডিএসএ এখন অন্যতম প্রভাবশালী রাজনৈতিক শক্তি। অন্যদিকে, ওকাসিও-কর্টেজ এর আগে জানিয়েছিলেন, মধ্যবর্তী নির্বাচনের পর নিজের ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি। ফলে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা কিংবা সিনেট নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা এখনো খোলা রেখেছেন এই মার্কিন কংগ্রেসওম্যান।