উদ্বোধনী ম্যাচেই পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ

আপলোড সময় : ১৬-১১-২০২৬ , আপডেট সময় : ১৬-১১-২০২৬

ঘরের মাঠে এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড টি-টোয়েন্টিতে হতাশাজনক শুরু করেছে বাংলাদেশ। এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের কাছে ১২৬ রানের বড় ব্যবধানে হেরেছে স্বাগতিকরা। ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই পাকিস্তানের কাছে পিছিয়ে ছিল লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে বড় সংগ্রহের ভিত গড়ে দেন দুই ওপেনার তালহা ইকবাল ও বদর মুনির। তালহা ৩৩ বলে ১১টি চারের সাহায্যে ৬৮ রান করেন। অন্যদিকে আরও বিধ্বংসী ছিলেন বদর মুনির। মাত্র ৪২ বলে ১২টি চারের মারে ৮২ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। শেষ দিকে কামরান আখতারের ২২ বলে ৩৭ রানের ঝোড়ো ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৪৪ রানের বিশাল সংগ্রহ পায় পাকিস্তান।

বাংলাদেশের হয়ে আবিদ হাসান রাব্বি ৩৩ রান দিয়ে দুটি উইকেট নেন। এ ছাড়া মো. সালমান ও সুকেল তঞ্চঙ্গ্যা একটি করে উইকেট শিকার করেন।

জয়ের জন্য ২৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন ওপেনার মো. সালমান। ৩৫ বলের ইনিংসে দুটি চার মারেন তিনি। এ ছাড়া মো. তাহাফিজ ১৫ বলে ১৯ রান করেন। অন্য ব্যাটারদের কেউই উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি।

পাকিস্তানের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন কামরান আখতার। মাত্র ২ ওভার বল করে ১৪ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। বদর মুনির ১২ রান খরচায় শিকার করেন দুটি উইকেট। শাহজেব ও জুনায়েদ খান নেন একটি করে উইকেট। শেষ পর্যন্ত ১৭.১ ওভারে মাত্র ১১৮ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

ব্যাট হাতে ৮২ রানের অপরাজিত ইনিংস খেলার পাশাপাশি বল হাতে দুটি উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন পাকিস্তানের বদর মুনির। উদ্বোধনী ম্যাচে এমন বড় পরাজয়ে টুর্নামেন্টের শুরুতেই চাপে পড়ল বাংলাদেশ।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :