তেলেগু ভাষার ৬ শতাধিক সিনেমার প্রবীণ অভিনেতা গিরি বাবু মারা গেছেন। শনিবার (১৪ নভেম্বর) হায়দরাবাদের কোন্ডাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। খবর ইন্ডিয়া টুডের।
এ প্রতিবেদনে জানানো হয়েছে, বেশ কিছুদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন গিরি বাবু। গতকাল পরপারে পাড়ি জমান তিনি। তার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন অভিনেতা চিরঞ্জীবী, পরিচালক অনিল রবিপুড়ি, অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডিসহ বিশিষ্ট ব্যক্তিরা।
পাঁচ দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত ছিলেন গিরি বাবু। ৬ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। কখনো খলনায়ক, কখনো কৌতুকাভিনেতা, কখনো গুরুত্বপূর্ণ পার্শ্বচরিত্রে দর্শকদের মনে ছাপ ফেলেছেন। অভিনয়ের পাশাপাশি পরিচালক ও প্রযোজক হিসেবেও একাধিক সিনেমার সঙ্গে যুক্ত ছিলেন।
১৯৪৬ সালের ৮ জুন, অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলার রাভিনুথালা গ্রামে জন্মগ্রহণ করেন গিরি বাবু। তার আসল নাম—ইয়েরা শেষাগিরি রাও। ছোটবেলা থেকেই অভিনয় ও নাটকের প্রতি তার আগ্রহ ছিল। ১৯৭৩ সালে ‘জাগমে মায়া’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয়। প্রথম দিকে নায়কের চরিত্রে অভিনয় করলেও পরবর্তীতে খলনায়ক এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে বিশেষভাবে জনপ্রিয়তা অর্জন করেন।