নতুন চুক্তিগুলো কতটা কাজে লাগবে

আপলোড সময় : ১৬-১১-২০২৬ , আপডেট সময় : ১৬-১১-২০২৬

গত ১০ নভেম্বর গাল্ফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) ইউনিফায়েড মিলিটারি কমান্ডের অধীনে কুয়েতে একটি ‘ফরওয়ার্ড কমান্ড’ বাহিনী গঠনের অনুমোদন দিয়েছেন উপসাগরীয় দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীরা। সেখানে প্রয়োজনীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। নিজেদের নিরাপত্তার দায়িত্ব আরও বড় পরিসরে ও সম্মিলিতভাবে কাঁধে তুলে নেওয়ার ক্ষেত্রে উপসাগরীয় দেশগুলোর জন্য এটি আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এর ঠিক আগের দিন কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ‘সামরিকভাবে ইরান কার্যত শেষ হয়ে গেছে।’ তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের অবরোধ অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও সামরিক পদক্ষেপের পথ খোলা রয়েছে। তাঁর বক্তব্যে যুদ্ধ সমাপ্তির কোনো চূড়ান্ত সমঝোতার ইঙ্গিত ছিল না।

যে কোনো কূটনৈতিক উদ্যোগই সমর্থন পাওয়ার যোগ্য। কিন্তু একটি স্থায়ী চুক্তি হলেও উপসাগরীয় অঞ্চলের মৌলিক নিরাপত্তা সমস্যাগুলোর সমাধান হবে না। কুয়েত কমান্ডের প্রকৃত উপযোগিতা নির্ভর করবে এর কার্যকর বাস্তবায়ন এবং অঞ্চলের অন্যান্য নিরাপত্তা অংশীদারিত্বের সঙ্গে এটি কীভাবে যুক্ত হয় তার ওপর।

এ সমাধান পেতে হলে প্রথমেই এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে– একটি মাত্র বিশাল নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে অঞ্চলের সব হুমকি মোকাবিলা করা সম্ভব। এ ধরনের প্রত্যাশার পেছনে ধরে নেওয়া হয় যে হুমকি, অগ্রাধিকার ও গ্রহণযোগ্য ঝুঁকির বিষয়ে সবার মধ্যে এক ধরনের ঐকমত্য রয়েছে, বাস্তবে যার কোনো অস্তিত্ব নেই। জটিল সমস্যা মোকাবিলায় সমানভাবে জটিল ও বহুমুখী সমাধান প্রয়োজন হয়।

চলতি যুদ্ধে উপসাগরীয় রাষ্ট্রগুলোতে ইরানের হামলা এবং ২০২৫ সালের সেপ্টেম্বরে কাতারে ইসরায়েলের আক্রমণ– এ দুই ঘটনাই চ্যালেঞ্জের ব্যাপ্তি স্পষ্ট করে দেয়। কেবল একটি প্রতিপক্ষকে কেন্দ্র করে গড়ে তোলা নিরাপত্তা কাঠামোতে বড় ধরনের ফাঁক থেকে যাবে। সশস্ত্র মিলিশিয়া ও সন্ত্রাসী গোষ্ঠীর পাশাপাশি সাইবার হামলা, সমুদ্রপথে বিঘ্ন এবং প্রতিবেশী দেশগুলোতে রাষ্ট্রব্যবস্থা ভেঙে পড়ার পরিণতিও নতুন ঝুঁকি তৈরি করছে। বল প্রয়োগের ক্ষেত্রে আন্তর্জাতিক বিধিনিষেধের ক্ষয় এই প্রতিটি সমস্যার ব্যবস্থাপনাকে আরও কঠিন করে তুলেছে।

বহুমুখী হুমকি মোকাবিলায় নানা ধরনের নিরাপত্তা সহযোগিতা প্রয়োজন। সামনে এগোনোর সবচেয়ে বিশ্বাসযোগ্য পথ হলো এমন একটি নিরাপত্তা কাঠামো গড়ে তোলা, যা হবে বহুস্তরবিশিষ্ট এবং পরস্পর সংযুক্ত। উপসাগরীয় দেশগুলো ইতোমধ্যে সে পথেই হাঁটছে। এখনকার মূল কাজ হলো এই ব্যবস্থাগুলোকে একসঙ্গে কার্যকর করা এবং যুদ্ধের তাৎক্ষণিক চাপ কমে গেলেও এই প্রচেষ্টা অব্যাহত রাখা।

বহুস্তরবিশিষ্ট ব্যবস্থার শুরুটা হয় এই উপলব্ধি থেকে যে, ভিন্ন ভিন্ন অংশীদারিত্ব ভিন্ন ভিন্ন কাজ করে। নিজস্ব জাতীয় সক্ষমতা এবং জিসিসির অভ্যন্তরীণ সহযোগিতা এর মূল ভিত্তি তৈরি করে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক এখনও কেন্দ্রীয় অবস্থানে রয়েছে, আর অতিরিক্ত সমঝোতাগুলো সেসব চাহিদা পূরণ করে, যা কোনো একক অংশীদারের পক্ষে মেটানো সম্ভব নয়।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের সঙ্গে সহযোগিতা একটি কার্যকর স্তর তৈরি করে। উদাহরণস্বরূপ, আঞ্চলিক সমন্বয় বাড়ানো, হুমকির আগাম সতর্কবার্তা বিনিময় এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতির লক্ষ্যে জানুয়ারিতে আল উদেইদে বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সমন্বয় সেল চালু করা হয়েছিল। আগস্টে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সম্মিলিত প্রতিরক্ষার অঙ্গীকার রয়েছে। অন্যদিকে অক্টোবরে কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার মধ্যে স্বাক্ষরিত বদর সমঝোতা স্মারক প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন, গবেষণা ও কারিগরি প্রশিক্ষণে সহযোগিতার রূপরেখা দিয়েছে।

এই চুক্তিগুলোকে বিচার করতে হবে সেগুলো কতটা শূন্যতা পূরণ করতে পারছে, তার নিরিখে। সম্মিলিত প্রতিরক্ষা, অভিযানগত সমন্বয় এবং শিল্প সক্ষমতা পরস্পরকে শক্তিশালী করে, কিন্তু কোনোটিই অন্যের বিকল্প হতে পারে না। একটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র কেনা, এর যন্ত্রাংশ তৈরি এবং সংকটকালে কে সেটি ব্যবহার করবে– এসব সিদ্ধান্ত সম্পূর্ণ আলাদা বিষয়। পরবর্তী ধাপ হলো এই স্তরগুলোর মধ্যে সংযোগ স্থাপন করা, যাতে একটি অংশীদারিত্বের মাধ্যমে অর্জিত সক্ষমতা অন্য অংশীদারিত্বের কাজকে শক্তিশালী করে। এটিই পুরো কাঠামোকে একটি নেটওয়ার্কে পরিণত করবে।

লেখক: ভাইস প্রেসিডেন্ট, সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসি রিসার্চ; আলজাজিরা থেকে সংক্ষেপিত ভাষান্তর ইফতেখারুল ইসলাম

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :