ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে সোচ্চার হয়ে আজ প্রতিবাদ সমাবেশ ও শান্তিপূর্ণ মিছিল হয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি)। দেশের সার্বভৌমত্ব রক্ষা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার দাবি তোলা হয় কর্মসূচি থেকে।
‘সচেতন শিক্ষকদের’ উদ্যোগে মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালিত হয়। প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান।
দেশজুড়ে পরিকল্পিত নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাস কোনো সভ্য ও গণতান্ত্রিক সমাজে কাম্য হতে পারে না বলে সমাবেশে মন্তব্য করেন উপাচার্য।
সমাবেশটি সঞ্চালনা করেন ড. আমিনুল ইসলাম টিটো। বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, বিএম অনুষদের ডিন অধ্যাপক ড. বদিউজ্জামান, পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজের ডিন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ জামাল হোসেন, কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান, মাইক্রোবায়োলজি অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের অধ্যাপক ড. একেএম মোস্তফা আনোয়ার, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ পরিচালক মো. মাহফুজুর রহমান সবুজ, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ড. হাচিব মোহাম্মদ তুষার, সহকারী রেজিস্ট্রার রিয়াজ কাঞ্চন শহীদ এবং কর্মচারী মো. কালাম শরীফ ও মো. মাহবুবুর রহমান প্রমুখ।
শিক্ষাঙ্গন অস্থিতিশীল করার অপচেষ্টা ও সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দেওয়ার আহ্বান জানান বক্তারা। সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা, মত প্রকাশের স্বাধীনতা ও পড়াশোনার অনুকূল পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে বলে মত দেন তারা। ফ্যাসিবাদী অপশক্তির যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে শিক্ষক সমাজ সোচ্চার থাকবে—এমন অঙ্গীকারও করেন বক্তারা।
সমাবেশ শেষে বের হওয়া শান্তিপূর্ণ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে আসে।