মোঃ মিরাজ হোসেন বরগুনা : মায়ের ত্যাগ ও অনুপ্রেরণায় সাফল্যের শিখরে মেয়ে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে মানবিক বিভাগে মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেছেন বরগুনার কৃতী শিক্ষার্থী উম্মে হিয়া মৌমিতা। বরগুনা সরকারি কলেজের এই শিক্ষার্থী ১ হাজার ৩০০ নম্বরের মধ্যে ১ হাজার ২৩৩ নম্বর পেয়ে এ অসামান্য সাফল্য অর্জন করেন।
উম্মে হিয়া মৌমিতা বরগুনা সদর উপজেলার বাঁশবুনিয়া গ্রামের বাসিন্দা। তিনি সাবেক ইউপি সদস্য মরহুম শাহজাহান হাওলাদারের নাতনি এবং তাঁর ছেলে মো. মনিরুল ইসলামের একমাত্র কন্যা। এর আগে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে বরগুনা জেলায় প্রথম স্থান অর্জন করেছিলেন তিনি। ধারাবাহিক এই সাফল্যের মধ্য দিয়ে এবার বিভাগীয় পর্যায়েও মেধার স্বাক্ষর রাখলেন মৌমিতা।
মৌমিতার এমন অসাধারণ সাফল্যের পেছনে রয়েছে তাঁর মায়ের নিরলস পরিশ্রম, ত্যাগ ও অনুপ্রেরণা। তাঁর মা ফেরদৌসী আক্তার একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। শিক্ষকতার দায়িত্ব পালনের পাশাপাশি মেয়ের পড়াশোনা, পরিচর্যা ও ভবিষ্যৎ গড়ে তুলতে তিনি নিরন্তর প্রচেষ্টা চালিয়ে গেছেন। নানা প্রতিকূলতা ও সীমাবদ্ধতার মধ্যেও মেয়ের শিক্ষাজীবন এগিয়ে নিতে মায়ের অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মেয়ের এই অর্জনে উচ্ছ্বসিত মা ফেরদৌসী আক্তার বলেন, মেয়ের সাফল্য তাঁর জীবনের সবচেয়ে বড় আনন্দের একটি। অনেক প্রতিকূলতার মধ্যেও মেয়েকে পড়াশোনায় মনোযোগী রাখতে এবং স্বপ্ন পূরণে এগিয়ে যেতে সব সময় উৎসাহ দিয়েছেন তিনি।
নিজের অনুভূতি জানাতে গিয়ে উম্মে হিয়া মৌমিতা বলেন, এই অর্জন শুধু তাঁর একার নয়; এর পেছনে রয়েছে মায়ের ত্যাগ, ভালোবাসা ও নিরলস পরিশ্রম। জীবনের প্রতিটি কঠিন সময়ে মা তাঁর পাশে ছিলেন। ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশের মানুষের কল্যাণে কাজ করতে চান তিনি।
মৌমিতার এই সাফল্যে পরিবার, শিক্ষক, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে। বাঁশবুনিয়ার একটি পরিবার থেকে উঠে এসে বরিশাল বিভাগে প্রথম স্থান অর্জন তাঁর ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি বরগুনার শিক্ষাঙ্গনের জন্যও গৌরবের বিষয়। তাঁর এই অর্জন এলাকার অন্যান্য শিক্ষার্থীর জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।